খেলাধুলা

ভারত ম্যাচকে সাধারণভাবেই দেখছে পাকিস্তান, প্রথম একাদশে বদলের ইঙ্গিত

ভারত-পাকিস্তান মানেই অগণিত দর্শকের কাছে আবেগ আর উত্তেজনার মিশেল। তবে পাকিস্তান শিবিরে ছবিটা একেবারেই উল্টো। দীর্ঘ ১৫ মাস পর চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হলেও দলের ওপেনার সাইম আয়ুব জানিয়ে দিলেন, এই ম্যাচ তাদের কাছে অন্যসব ম্যাচের মতোই। আলাদা কোনও উত্তেজনা বা বাড়তি প্রস্তুতির জায়গা নেই। প্রতিযোগিতা জিততেই এসেছে পাকিস্তান, কেবল ভারতকে হারানোই লক্ষ্য নয়।

আয়ুব স্পষ্ট জানালেন, “মানুষের কাছে হয়তো এই ম্যাচের আলাদা গুরুত্ব আছে। কিন্তু আমরা প্রতিটি ম্যাচের মতোই এই লড়াইকে দেখছি। ছোটবেলার স্মৃতি মনে আনার কোনও কারণ নেই। ক্রিকেট মানে প্রতিযোগিতা। আর প্রতিযোগিতা মানে ট্রফি জেতা।” তাঁর বক্তব্যে প্রতিফলিত হচ্ছে একেবারেই পেশাদার মনোভাব, যেখানে আবেগকে দূরে সরিয়ে দলের সাফল্যকেই বড় করে দেখা হচ্ছে।

প্রথম একাদশ নিয়েও ইঙ্গিত দিয়েছেন আয়ুব। ওমান ম্যাচে তিন স্পিনার খেলিয়েছিল পাকিস্তান। তবে ভারতের বিরুদ্ধে পরিস্থিতি দেখে দল গড়া হবে। যদি উইকেট শুকনো থাকে তাহলে স্পিনারদের উপর ভরসা রাখা হবে, নইলে বাড়তি জোরে বোলার নামতে পারেন। ওপেনার হিসেবে বুমরাহর মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়েও নির্ভার আয়ুব। তাঁর মতে, “বুমরাহ কঠিন প্রতিপক্ষ বটে, তবে শুধু তাঁকেই নয়, ভারতের সব বোলারকেই খেলতে হবে।”

অতীতের দুই হার বা পুরনো স্মৃতিতে ডুব দিতে নারাজ পাকিস্তান। বরং সাম্প্রতিক মাসগুলোতে চাপ সামলানোর কৌশল নিয়েই কাজ করেছে দল। আয়ুবের কথায়, “আমরা বর্তমানেই বাঁচতে ভালোবাসি। পুরনো দিনের কথা মনে রেখে কোনও লাভ নেই। এখন শুধু লক্ষ্য জয়।” স্পষ্টতই ভারতীয় আবেগের সঙ্গে তীব্র বৈপরীত্য রেখেই মাঠে নামতে চলেছে পাকিস্তান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.