জেলারাজনীতি

সন্দেশখালিতে রাতভর তল্লাশি, গ্রেফতার শাহজাহান-ঘনিষ্ঠ দুই তৃণমূল নেত্রী! ইডি হামলা মামলায় বড় পদক্ষেপ পুলিশের

সন্দেশখালি কাণ্ডে ফের বড়সড় মোড়। শেখ শাহজাহানকে ঘিরে বহুল চর্চিত ইডি হামলা মামলায় এবার গ্রেফতার করা হল তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত দুই প্রভাবশালী তৃণমূল নেত্রীকে। গভীর রাতে পুলিশের অভিযানে ধরা পড়েন সন্দেশখালি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় এবং স্থানীয় নেত্রী মিঠু সর্দার। এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, গত বছরের ৫ জানুয়ারি সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর যে হামলার ঘটনা ঘটে, সেই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তদন্তকারীদের দাবি, গ্রামবাসীদের সংগঠিত করা, বিক্ষোভ উস্কে দেওয়া এবং হামলার পরিবেশ তৈরি করার ক্ষেত্রে ধৃত দুই নেত্রীর সক্রিয় ভূমিকা ছিল।

বিশেষ তদন্তকারী দলের মতে, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। স্থানীয় মহিলাদের সামনে রেখে কেন্দ্রীয় বাহিনীর গতিপথ আটকে দেওয়া, উত্তেজনা ছড়ানো এবং পরিস্থিতি অশান্ত করে তোলার অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে। পুলিশ আরও দাবি করছে, হামলার নেপথ্যে কারা ছিল এবং রাজনৈতিকভাবে কারা মদত দিচ্ছিল, তা জানতে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

অন্যদিকে, মিঠু সর্দারের নাম এর আগেও একাধিক রাজনৈতিক হিংসার ঘটনায় উঠে এসেছিল বলে অভিযোগ। ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী অশান্তি, বিরোধীদের উপর হামলা এবং এলাকায় সন্ত্রাস তৈরির অভিযোগে স্থানীয় স্তরে তাঁর বিরুদ্ধে ক্ষোভ ছিল বলেও দাবি বিরোধীদের।

স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মহল এলাকায় প্রভাব বিস্তার করে চলছিল। সাধারণ মানুষ ভয় ও চাপে মুখ খুলতে পারতেন না বলেও অভিযোগ উঠেছে।

যদিও এই গ্রেফতারি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করতে চাননি বসিরহাট পুলিশ জেলার কর্তারা। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তদন্তকারীদের লক্ষ্য, ইডি হামলার পুরো চক্রান্তের নেপথ্যে থাকা বড় মাথাদের খুঁজে বের করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.