পাক অধিকৃত কাশ্মীরে (PoK) রহস্যজনক হামলায় খতম হল পুলওয়ামা হামলার অন্যতম চক্রী হামজা বুরহান ওরফে ‘ডক্টর’। মুজাফ্ফরাবাদে অজ্ঞাতপরিচয় আততায়ীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় এই কুখ্যাত জঙ্গি কম্যান্ডার। যদিও এখনও পর্যন্ত কোনও সংগঠন বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
সূত্রের খবর, বৃহস্পতিবার পাকিস্তানের মুজাফ্ফরাবাদ এলাকায় হামজা বুরহানের উপর আচমকাই হামলা চালানো হয়। খুব কাছ থেকে একাধিক রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই গুরুতর জখম হয় হামজা। পরে তার মৃত্যুর খবর সামনে আসে। এই ঘটনার পর পাকিস্তানের নিরাপত্তা মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
জঙ্গি মহলে ‘ডক্টর’ নামে পরিচিত হামজার আসল নাম আরজুমান্দ গুলজার দর। জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ছিল সে। ২০১৭ সালে উচ্চশিক্ষার অজুহাতে পাকিস্তানে পাড়ি দেয় হামজা। সেখানে গিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-বাদরে যোগ দেয়। পরে ধীরে ধীরে সংগঠনের গুরুত্বপূর্ণ কম্যান্ডার হয়ে ওঠে।
তদন্তকারী সংস্থাগুলির দাবি, ২০১৯ সালের ভয়াবহ পুলওয়ামা হামলার পরিকল্পনা ও লজিস্টিক সাপোর্টে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হামজার। জইশ-ই-মহম্মদের সঙ্গে হাত মিলিয়ে এই হামলার ছক কষা হয়েছিল। ২০২২ সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক তাকে আনুষ্ঠানিকভাবে জঙ্গি হিসেবে ঘোষণা করে।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের লেথপোরায় বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জইশ জঙ্গিরা। ভয়াবহ বিস্ফোরণে শহিদ হন ৪০ জন জওয়ান। গোটা দেশজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। এর জবাবে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইক চালিয়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানে একের পর এক ভারতবিরোধী জঙ্গি নেতার রহস্যমৃত্যুর ঘটনায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।







