কলকাতা

টালা প্রত্যয় নিয়ে বড় বিতর্ক! মাঠ-রাস্তা দখলের অভিযোগে বিস্ফোরক বিজেপি বিধায়ক

উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো ‘টালা প্রত্যয়’ এবার বড় বিতর্কের মুখে। পুজো কমিটির বিরুদ্ধে রাস্তা ও মাঠ দখল করে রাখার গুরুতর অভিযোগ তুললেন কাশীপুর-বেলগাছিয়ার সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক Ritesh Tiwari। বৃহস্পতিবার কলকাতা পুরনিগমে গিয়ে কমিশনার স্মিতা পাণ্ডের কাছে লিখিত অভিযোগও দায়ের করেন তিনি।

গত কয়েক বছরে কলকাতার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ‘টালা প্রত্যয়’ দুর্গাপুজো। পুজোর সময় তো বটেই, গোটা বছর জুড়েই নানা অনুষ্ঠান ঘিরে এলাকায় সক্রিয় থাকে এই পুজো কমিটি। কিন্তু এবার সেই পুজোকেই কেন্দ্র করে উঠল দখলদারির অভিযোগ।

বিধায়কের দাবি, টালা পার্ক সংলগ্ন মাঠ দীর্ঘদিন ধরে কাঠামো তৈরি করে দখল করে রাখা হয়েছে। শুধু তাই নয়, সামনের রাস্তার একাংশও আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। যদিও প্রশাসনের হস্তক্ষেপে রাস্তার অংশ ইতিমধ্যেই ফাঁকা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে মাঠ এখনও পুরোপুরি মুক্ত হয়নি বলেই অভিযোগ বিজেপি বিধায়কের।

রীতেশ তিওয়ারি বলেন, “ওই এলাকায় বেলগাছিয়া ইউনাইটেডের একটি টেন্ট ছিল, যেখানে শিশুরা খেলাধুলার অনুশীলন করত। ডিজি পার্ক ঘুরে দেখেছেন। রাস্তার উপর থেকে কাঠামো সরানো হয়েছে। এবার মাঠ থেকেও যেন দ্রুত সরানো হয়, সেই দাবিই জানিয়েছি।”

এখানেই থেমে থাকেননি তিনি। পূর্বতন সরকারের বিরুদ্ধেও সরব হন বিজেপি বিধায়ক। তাঁর অভিযোগ, “বিগত সরকারের আশীর্বাদ থাকায় এতদিন পুরো মাঠ দখল করে রাখা হয়েছিল। কারা ওই পুজোর উদ্বোধনে আসতেন, সেটা সকলেই জানেন।”

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও টালা প্রত্যয় পুজো কমিটির তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.