কলকাতাক্রাইম

কলকাতায় বেড়াতে এসে ছিনতাইয়ের শিকার দেওঘরের পর্যটক, জোড়াসাঁকোয় আইফোন লুট—ধৃত দুই

ঝাড়খণ্ডের দেওঘর থেকে কলকাতায় বেড়াতে এসে দুষ্কৃতীদের কবলে পড়লেন দুই পর্যটক। শহরের প্রাণকেন্দ্র জোড়াসাঁকো এলাকায় এই ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমে জোড়াসাঁকো থানার পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম মহম্মদ আলম এবং আয়ান আহমেদ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ ডিসেম্বর রাতে দেওঘরের ওই দুই ব্যক্তি জোড়াসাঁকো এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই পাঁচ জন দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। অভিযোগ, পর্যটকদের ঘিরে ধরে ভয় দেখাতে শুরু করে অভিযুক্তরা। এরপর তাঁদের টানতে টানতে একটি নির্জন ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে নগদ টাকা দিতে বলা হয়। পর্যটকরা জানালে যে তাঁদের কাছে তেমন কোনও টাকা নেই, তখন দুষ্কৃতীরা তাঁদের কাছ থেকে দুটি আইফোন ছিনিয়ে নেয়। পাশাপাশি, চিৎকার করলে গুরুতর পরিণতির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার পর আতঙ্কিত অবস্থায় ওই দুই ব্যক্তি তাঁদের পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের পরামর্শেই পরে জোড়াসাঁকো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এবং স্থানীয় সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়। সেই সূত্র ধরেই দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা।

পুলিশের দাবি, ধৃতদের জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। ছিনতাইয়ে জড়িত বাকি তিন অভিযুক্তের পরিচয় চিহ্নিত করা হয়েছে এবং খুব শীঘ্রই তাঁদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া আইফোন দুটি ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

শহরে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে এই ঘটনায়। পুলিশ জানিয়েছে, টহলদারি আরও জোরদার করা হবে এবং পর্যটকদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.