কলকাতা

দেবরাজ-অদিতির পাশে বিকাশরঞ্জন! প্রশ্নের মুখে সিপিএমের অবস্থান

তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তীর হয়ে আদালতে সওয়াল করতে দেখা গেল সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। কলকাতা হাই কোর্টে আপাতত স্বস্তি পেয়েছেন ওই দুই তৃণমূল নেতা। কিন্তু যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দীর্ঘদিন আন্দোলন করেছে সিপিএম, তাঁদের পক্ষেই আদালতে দাঁড়ানোয় নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

রাজারহাট এলাকায় দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির বিরুদ্ধে বিপুল আর্থিক দুর্নীতি ও বেআইনি সম্পত্তি গড়ার অভিযোগ বহুদিন ধরেই উঠছিল। ভোটের সময় সেই অভিযোগকেই হাতিয়ার করে প্রচার চালিয়েছিল সিপিএম। পরে রাজ্যে সরকার পরিবর্তনের পর তাঁদের বিরুদ্ধে তদন্তও শুরু হয়। সেই পরিস্থিতিতেই আগাম জামিনের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন দুই তৃণমূল নেতা। আর তাঁদের হয়ে আইনি লড়াইয়ে নামেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।

ঘটনা সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সিপিএমের একাংশ কর্মী-সমর্থক প্রশ্ন তুলেছেন, যাঁদের বিরুদ্ধে দল এতদিন দুর্নীতির অভিযোগে সরব ছিল, তাঁদের পক্ষেই আদালতে দাঁড়ানো কি আদর্শগতভাবে সঙ্গত? বিষয়টি নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে আলিমুদ্দিন স্ট্রিটের অন্দরেও বলেই সূত্রের খবর। যদিও দলের শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য করতে চাইছেন না।

নিজের অবস্থান ব্যাখ্যা করে বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, তিনি পেশায় একজন আইনজীবী। তাই কোনও মক্কেলের রাজনৈতিক পরিচয় নয়, আইনি বিষয়টাই তাঁর কাছে মুখ্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীদের উদাহরণও টেনেছেন নিজের বক্তব্যের সমর্থনে।

তবে এই ব্যাখ্যায় খুব একটা সন্তুষ্ট নন দলের নীচুতলার বহু কর্মী-সমর্থক। তাঁদের একাংশের দাবি, যাঁরা দীর্ঘদিন তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং রাজনৈতিক সংঘর্ষের মুখে পড়েছেন, তাঁদের কাছে এই ঘটনা নেতিবাচক বার্তা দিচ্ছে।

এ প্রসঙ্গে সিপিএম নেতা শতরূপ ঘোষ এক সংবাদমাধ্যমে বলেন, অতীতেও বিকাশরঞ্জন ভট্টাচার্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের হয়ে মামলা লড়েছেন। বর্তমান ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে, সেটাও অস্বীকার করা যাবে না। তবে এই বিষয়ে চূড়ান্ত মন্তব্য করার অধিকার বিকাশরঞ্জনেরই রয়েছে। পাশাপাশি তিনি এও স্মরণ করিয়ে দেন, বিকাশরঞ্জনের লড়া একাধিক মামলায় অতীতে তৃণমূলের নেতারাও জেলে গিয়েছেন।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন করে সংগঠন মজবুত করার কাজে নেমেছে সিপিএম। বিধানসভায় ফের প্রতিনিধিত্ব পাওয়ার পর দলীয় কর্মীদের মধ্যে কিছুটা উৎসাহও ফিরেছে। সেই আবহে বিকাশরঞ্জনের এই পদক্ষেপ নতুন বিতর্ক তৈরি করল বলেই মনে করছেন দলের একাংশের নেতা-কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.