হেস্টিংসে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ছয় বছরের এক শিশুর। মৃতের নাম গুড়িয়া খাতুন। জানা গিয়েছে, সকালে বাড়ির কাছে খেলতে খেলতেই আচমকা বাতিস্তম্ভের একটি লাইট খুলে তার মাথার উপর পড়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, সকাল প্রায় ৭টা নাগাদ প্রতিদিনের মতোই বাড়ির সামনে খেলছিল গুড়িয়া। সেই সময় হঠাৎ করেই বাতিস্তম্ভের একটি ভারী লাইট খুলে সরাসরি তার মাথায় এসে পড়ে। আঘাতে রাস্তাতেই লুটিয়ে পড়ে শিশুটি। পরিবারের দাবি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরাও একই কথা জানান।
পরিবারের অভিযোগ, ওই বাতিস্তম্ভের লাইটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। তাঁদের দাবি, প্রতিটি লাইটে তিনটি করে নাট লাগানোর জায়গা থাকলেও মাত্র একটি নাট ব্যবহার করা হয়েছিল। বাকি দু’টি নাট কোথায় গেল, তা নিয়েই প্রশ্ন তুলছেন তাঁরা। দুর্ঘটনার পর ঘটনাস্থলে একটি নাট পড়ে থাকতে দেখা যায় বলেও দাবি স্থানীয়দের। দীর্ঘদিন ধরে বাতিস্তম্ভগুলির কোনও রক্ষণাবেক্ষণ হয়েছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। নিরাপত্তার জন্য গোটা এলাকা গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।







