আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন রাজ্য সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে বলে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ বা উপস্থিত থাকা কোনও সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক নয়। এই রায়ে কার্যত স্বস্তি পেলেন কর্মীরা, আর ধাক্কা খেল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি।
শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানির সময় বিচারপতি বলেন, যোগ দিবসে কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করার কোনও অভিপ্রায় রাজ্য সরকারের ছিল না। তাই এই মামলা করার বিশেষ প্রয়োজনীয়তাও ছিল না বলে মন্তব্য করেন তিনি।
আদালতে রাজ্যের পক্ষ থেকে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। সেই রিপোর্টের ভিত্তিতে আদালত জানায়, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কর্মীদের উদ্দেশে শুধুমাত্র একটি সাধারণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেটি কোনও বাধ্যতামূলক নির্দেশ নয়, বরং একটি প্রশাসনিক বিজ্ঞপ্তি মাত্র। ফলে অনুষ্ঠানে যোগ না দিলেও কোনও কর্মচারী আইনি জটিলতায় পড়বেন না। রাজ্যের বক্তব্য গ্রহণ করে আদালত মামলার নিষ্পত্তি করে দেয়।
উল্লেখ্য, গত ১৪ জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে মুখ্যসচিব একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন। সেখানে সরকারি, আধা-সরকারি এবং সরকার পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের ২১ জুন কর্মস্থলে উপস্থিত থাকার কথা বলা হয়েছিল। এই নির্দেশকেই বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি।
এর আগে বৃহস্পতিবার মামলার শুনানিতে নানা দিবস পালনের প্রসঙ্গ ওঠে। কো-অর্ডিনেশন কমিটির পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বিশ্ব তামাক বিরোধী দিবস, শিক্ষক দিবস ও বিশ্ব স্বাস্থ্য দিবসের উদাহরণ তুলে ধরেন। সেই সময় বিচারপতি অমৃতা সিনহা রসিকতার সুরে বলেন, “এত দিবসের কথা বললেন, ভ্যালেন্টাইন্স ডে-র কথা তো বললেন না!” বিচারপতির এই মন্তব্যে আদালত কক্ষে হাসির পরিবেশ তৈরি হয়।







