মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বিমানবন্দরের ভিতরে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন আচমকাই একটি লিফট ছিঁড়ে নিচে পড়ে যায়। ঘটনায় গুরুতর জখম হন তিন কর্মী। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
সূত্রের খবর, বিমানবন্দরের ৩৪ নম্বর লিফটে মেরামতির কাজ চলছিল। সেই সময়ই আচমকা বিপত্তি ঘটে। লিফটের ভিতরে থাকা কর্মীরা গুরুতর চোট পান। দুর্ঘটনার পরেই বিমানবন্দর চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছন বিমানবন্দরের উচ্চপদস্থ আধিকারিকরা।
আহত কর্মীদের নাম অমিত দাস, শেখ মহিদুল রহমান এবং প্রভাত শঙ্কর মেহেতা। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা শুরু হয়েছে।
ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে বিমানবন্দরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, সেই সময় যদি সাধারণ যাত্রীরা লিফটে থাকতেন, তাহলে আরও বড় বিপদ ঘটতে পারত। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, লিফটের যান্ত্রিক ত্রুটি ছিল কি না, সবদিক খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তদন্তও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।







