আবারও দুঃসংবাদে স্তব্ধ বলিউড। প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা রামাকান্ত দয়ামা। মঙ্গলবার মুম্বইয়ে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা। শেষ পর্যন্ত জীবনযুদ্ধ থেমে গেল চিরতরে।
অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে বিনোদন জগতে। অভিনেত্রী শুভাঙ্গী লটকর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে তাঁর মৃত্যুসংবাদ নিশ্চিত করেন। তিনি লেখেন, রামাকান্ত শুধুমাত্র সহকর্মী নন, তাঁর অত্যন্ত কাছের মানুষ এবং অনুপ্রেরণা ছিলেন। জীবনের কঠিন পরিস্থিতির মধ্যেও হাসিমুখে বাঁচতে জানতেন তিনি। অভিনয়ের পাশাপাশি গান ও নাচেও পারদর্শী ছিলেন এই শিল্পী।
দীর্ঘ প্রায় দুই দশক ধরে চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে সমান দক্ষতায় কাজ করেছেন রামাকান্ত দয়ামা। শাহরুখ খানের জনপ্রিয় ছবি ‘চাক দে ইন্ডিয়া’-তে তাঁর অভিনয় দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলেছিল। এছাড়াও ‘রাম সেতু’, ‘ক্রু’, ‘মুম্বই সাগা’, ‘ব্রাদার্স’, ‘পা’ ও ‘ড্রাইভ’-এর মতো একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
শুধু সিনেমা নয়, ওয়েব সিরিজ ও ধারাবাহিকের জগতেও তিনি ছিলেন পরিচিত মুখ। ‘স্ক্যাম ১৯৯২’, ‘ফারজি’ ও ‘মেড ইন হেভেন’-এর মতো প্রশংসিত সিরিজেও তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকদের।
অভিনয় জীবনের বাইরেও তিনি পরিচিত ছিলেন অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যশস্বিনী দয়ামার বাবা হিসেবে। পরিবার, বন্ধু ও অসংখ্য অনুরাগীকে শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায় নিলেন বর্ষীয়ান এই অভিনেতা। আজই সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য।







