সাত বছরের সম্পর্ক, ২৫৬ গোল, অগণিত স্মৃতি—সব কিছুই যেন মুছে গেল আইনি সংঘাতে। কিলিয়ন এমবাপে বুঝিয়ে দিলেন, পুরনো সম্পর্কের টান নেই আইনের চোখে। পিএসজি-র বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করলেন তিনি। অভিযোগ গুরুতর—নৈতিক হয়রানি এবং প্রায় ৫২২ কোটি টাকা বকেয়া মাইনের দাবি। ক্লাবের সঙ্গে তাঁর বিচ্ছেদ যে বন্ধুত্বপূর্ণ ছিল না, এবার সেটা স্পষ্ট করে দিলেন এমবাপে।
২০২৩-২৪ মরসুম শুরুর আগে এমবাপে স্পষ্ট করে দেন, অতিরিক্ত এক বছর ক্লাবে থাকবেন না। অথচ ক্লাব তাঁকে জোর করে রাখার চেষ্টা করে। এমনকি ভক্তদের সামনে ২০২৫ লেখা জার্সি পরিয়ে ‘ভুল বার্তা’ও দেয় বলে অভিযোগ ফুটবলারের। চুক্তিতে লেখা ছিল, এক্সটেনশন হবে এমবাপের সম্মতিতে, জোর করে নয়। এই চুক্তি ভঙ্গ ও প্রতারণা নিয়ে ক্ষুব্ধ এমবাপে।
তবে অভিযোগ এখানেই শেষ নয়। এমবাপে জানাচ্ছেন, পিএসজি তাঁকে যাঁদের সঙ্গে খেলানোর প্রতিশ্রুতি দিয়েছিল, তাঁদের কাউকেই সই করায়নি। শুধু তাই নয়, ক্লাবের তরফে তাঁর প্রতি আচরণ ছিল অপমানজনক ও মানসিক চাপের। এতকিছুর পরেও পিএসজি তাঁকে বকেয়া টাকা দেয়নি বলে দাবি।
বর্তমানে রিয়াল মাদ্রিদের তারকা এমবাপে। আর পিএসজি? এমবাপে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও, আদালতের লড়াইয়ে কী দাঁড়াবে তাদের অবস্থান? প্রশ্নটা সময়ই দেবে উত্তর, তবে পুরনো ‘গোলমাল’ যে এত সহজে গোল হবে না, সেটা স্পষ্ট।







