উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে হাই কোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট । অর্থাৎ ১৪০০০ এরও বেশি শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে , আর কোনো বাধা থাকলো না স্কুল সার্ভিস কমিশনের । বলা যায়, কার্যত পুজোর আগে জট কাটলো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে । এর আগে রাজ্যকে , ১৪০০০ এরও বেশি শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । ওই নির্দেশ সংরক্ষণ বিধির বিরোধী বলে দাবী করে , সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কিছু চাকরি প্রার্থী । যার ফলে ১৪০০০ এরও বেশি শূন্যপদে নিয়োগ নিয়ে ফের তৈরি হয় জট । সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফে মঙ্গলবার জানানো হয় , নতুনদের আবেদন শোনা হবে না । উচ্চ আদালত , হাইকোর্টে মামলাকারীদের বক্তব্য শুনবে ।
২০১৫ সাল থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীরা জটিলতায় আটকে রয়েছেন । ২০২০ সালে উচ্চ আদালত উচ্চ প্রাথমিকে নিয়োগের প্রক্রিয়াটি বাতিল করে দেয় । তারপর তিন বছর পর আবার ২০২৩ সালে প্যানেল প্রকাশের অনুমতি দেয় হাই কোর্ট। তবে হাইকোর্টের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছিল, স্কুল সার্ভিস কমিশন কাউকে নিয়োগের ক্ষেত্রে সুপারিশ করতে পারবে না , শূন্যপদে নিয়োগ করতে হবে রাজ্যকেই ।
চলতি বছরের ২৮ অগস্ট বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানিয়েছিল , উচ্চ প্রাথমিকে শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার ভিত্তিতেই কাউন্সেলিং করে শূন্যপদে নিয়োগ করা হবে। আদালতের এই রায়ের ফলে প্রায় ৮ বছর পরে শুন্যপদে নিয়োগ শুরু করে এসএসসি। তারই মধ্যে আবার মামলা দায়ের হয় শীর্ষ আদালতে । মঙ্গলবার এই মামলাতেই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয় যে , হাই কোর্টের রায়ে কোনো রকম হস্তক্ষেপ করবে না তারা ।







