উৎসবের মরশুম চললেও রাজনৈতিক অঙ্গনে ব্যস্ততা তুঙ্গে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই ভোটে নবান্ন দখলই এখন প্রধান লক্ষ্য বিজেপির। আর সেই কারণেই এখন থেকেই রণকৌশল সাজাচ্ছে গেরুয়া শিবির। তবে মাথাব্যথার প্রধান কারণ রাজ্যের মুসলিম ভোট।
রাজনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধে শেষ হাসি সেই দলই হাসবে যার ঝুলিতে যাবে মুসলিম ভোট। কিন্তু বিজেপি এখনও কট্টর হিন্দুত্ববাদী দল হিসেবে পরিচিত। ফলে মুসলিম ভোট ব্যাঙ্কে ঘাটতি মেটাতে মরিয়া বিজেপি নেতারা এবার ভেবেছে অন্য পথে হাঁটার।
সূত্রের খবর, মুসলিম ভোট টানতে সরাসরি প্রার্থী দাঁড় করাতে চাইছে না বিজেপি। বরং নির্দল বা প্রতীকহীন প্রার্থী দেওয়ার পরিকল্পনা চলছে। সেই প্রার্থী হবেন সমাজে প্রভাবশালী, সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, খেলোয়াড় বা ধর্মীয় বিষয়ে দখল থাকা কোনও জনপ্রিয় মুখ। বিশ্বাসযোগ্যতার প্রশ্ন মেটাতেই এই নতুন পদক্ষেপ নিতে চাইছে বিজেপি।
আরও জানা গিয়েছে, ২০২১ সালের নির্বাচনে যেখানে তৃণমূল ৫ থেকে ১০ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিল, সেসব আসনকেই এবার টার্গেট করছে বিজেপি। ওইসব কেন্দ্র নিয়ে খোঁজখবর শুরু হয়েছে গেরুয়া শিবিরে। এমনকি সংশ্লিষ্ট এলাকার মানুষের সামাজিক-রাজনৈতিক পটভূমি নিয়েও তথ্য সংগ্রহ শুরু হতে পারে শীঘ্রই।
তবে সবকিছুই উৎসব মিটলে। কোজাগরী লক্ষ্মী পুজোর পর থেকেই বিজেপি এই বিশেষ রণকৌশলের কাজে নামবে বলে দলীয় সূত্রে খবর।
মূল প্রশ্ন এখন একটাই—এই ঘুরপথের কৌশল কি আদৌ মুসলিম ভোটে বিজেপির ঘাটতি পূরণ করতে পারবে? নাকি এ কেবল রাজনৈতিক পরীক্ষার ঝুঁকি?







