প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক জীবনে যুক্ত হতে চলেছে আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক। আগামী ১০ জুন তিনি দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় একটানা দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়তে চলেছেন। সেই দিন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দীর্ঘদিনের রেকর্ড অতিক্রম করবেন।
দীর্ঘ ৬২ বছর ধরে দেশের সবচেয়ে বেশি সময় একটানা প্রধানমন্ত্রী থাকার নজির ছিল জওহরলাল নেহরুর দখলে। ১৯৫২ সালের ১৩ মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৬৪ সালের ২৭ মে তাঁর মৃত্যুর দিন পর্যন্ত টানা ৪,৩৯৮ দিন এই পদে ছিলেন। অন্যদিকে, নরেন্দ্র মোদি ২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরপর তিনটি লোকসভা নির্বাচনে জয়লাভ করে তিনি দায়িত্বে বহাল রয়েছেন। আগামী ১০ জুন তাঁর কার্যকালের ৪,৩৯৯তম দিন পূর্ণ হবে, যা নেহরুর রেকর্ডকে পিছনে ফেলে নতুন ইতিহাস গড়বে।
এর আগে ২০২৫ সালের জুলাই মাসে মোদি টানা ৪,০৭৭ দিন প্রধানমন্ত্রী থাকার মাধ্যমে ইন্দিরা গান্ধীর রেকর্ডও অতিক্রম করেছিলেন। এবার তিনি দেশের দীর্ঘতম সময় দায়িত্বে থাকা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন নজির স্থাপন করতে চলেছেন।
নেহরুর আমলে সদ্য স্বাধীন দেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনের মূল দায়িত্ব সরকারের উপরই ছিল। তবে মোদি সরকারের দৃষ্টিভঙ্গি কিছুটা আলাদা। তাদের মতে, ১৪০ কোটিরও বেশি মানুষের দেশে শুধুমাত্র সরকারি উদ্যোগের উপর নির্ভর করে বৃহৎ সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। তাই সাধারণ মানুষকে উন্নয়নের অংশীদার হিসেবে যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
স্বচ্ছ ভারত অভিযান, ডিজিটাল লেনদেনের প্রসার, জল সংরক্ষণ কর্মসূচি, ব্যাপক টিকাকরণ অভিযান এবং আর্থিক অন্তর্ভুক্তির মতো নানা প্রকল্পকে জনআন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করেছে কেন্দ্র। এই ধারাবাহিক উদ্যোগ ও রাজনৈতিক সাফল্যের মধ্য দিয়েই মোদি এগিয়ে চলেছেন নতুন এক ঐতিহাসিক রেকর্ডের দিকে।







