পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করল রাজ্য সরকার। একসঙ্গে ১৭৯ জন আইপিএস অফিসারের বদলির নির্দেশ জারি করা হয়েছে। এই তালিকায় রয়েছেন ১২ জন জেলা পুলিশ সুপারও। ডায়মন্ড হারবার-সহ একাধিক জেলার এসপিদের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।
সরকার পরিবর্তনের পর থেকেই প্রশাসনের বিভিন্ন স্তরে বড় ধরনের রদবদল শুরু হয়েছিল। আগের সরকারের আমলে যাঁদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও নেওয়া হয়েছে। এবার সেই প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ প্রশাসনেও ব্যাপক পরিবর্তন আনা হল।
বীরভূমের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদবকে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (অ্যাডমিন) পদে নিয়োগ করা হয়েছে। জলপাইগুড়ির এসপি অমরনাথ কে পদোন্নতি পেয়ে উত্তরবঙ্গের ইন্টেলিজেন্স ব্যুরোর ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারিকে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (আর্মড পুলিশ) পদে আনা হয়েছে।
বারাসত পুলিশ জেলার সুপার মিস পুষ্পাকে পূর্ব বর্ধমানে পাঠানো হয়েছে। বাঁকুড়ার এসপি সৌমাদিত্য ভট্টাচার্যকে মালদহ এসটিএফের দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তলকেও অন্যত্র বদলি করা হয়েছে। অন্যদিকে, হুগলি গ্রামীণের পুলিশ সুপার কুমার সানি রাজকে পুরুলিয়ার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।







