জেলা

দাঁতনে হিউম্যান রাইটস অর্গানাইজেশনের বোর্ড লাগানো প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর আহত ৫ জন

মনোহরপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর – বুধবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দাঁতনের মনোহরপুর এলাকায় এক প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন পাঁচজন। জানা গেছে, কলকাতা থেকে উড়িষ্যার দিকে যাচ্ছিল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের বোর্ড লাগানো একটি প্রাইভেট গাড়ি। দাঁতন থানার অন্তর্গত খড়গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে মনোহরপুর বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে থাকা ব্যারিকেড ভেঙে একটি ফলের দোকানে ঢুকে পড়ে।

দুর্ঘটনায় দোকানি সহ ফল কিনতে আসা কয়েকজন পথচারি আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে রয়েছেন — সুদীপ খাটুয়া (৯), বীরেন সামন্ত (৬০), সুকুমার খাটুয়া (৪০), বৈশাখী খাটুয়া (৩২) এবং মনোরঞ্জন খাটুয়া (১৪)। প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতির গাড়িটি একটি লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটায়। গাড়ির ধাক্কায় দুটি সাইকেল, একটি টোটো, একটি মোটরবাইক এবং একটি মাংসের দোকানের অ্যাসবেস্টার ভেঙে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দাঁতন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, এবং গুরুতর আহতদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

দুর্ঘটনার পর প্রাইভেট গাড়ির দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.