খড়গপুরে সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত মিছিলে দেখা গেল না স্থানীয় বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কার্যত হিরণকে উপেক্ষা করেই অনুষ্ঠান সম্পন্ন হয়। সূত্রের খবর, জেলা বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই কর্মসূচির স্থান বদলে খড়গপুরে আনা হয়, যেখানে উপস্থিত ছিলেন কেবল দিলীপ ঘোষ ঘনিষ্ঠ নেতাকর্মীরা।
মিছিল থেকে মাত্র কয়েকশো মিটার দূরে উপস্থিত থাকলেও হিরণকে ডাকাই হয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আমি আধার, ভোটার, পাসপোর্টে খড়গপুরের বাসিন্দা। ভাড়া দিয়ে থাকি এখানে। আর উনি (দিলীপ ঘোষ) এখানকার নন, থাকেন রেলের বাংলোয়। যাঁর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্কলঙ্ক, তাঁর থেকে আর কীই বা আশা করা যায়।”
এই মন্তব্যের পাল্টা দিতে দেরি করেননি দিলীপ ঘোষ। তিনি সাফ জানান, “দিলীপ ঘোষ এখানকারই বাসিন্দা ছিল, আছে, থাকবে। কে কোথায় চা খায় বা দল ছাড়ে, তার দায় দল নেয় না। ডাকানো হচ্ছে না কেন, সেটা আগে নিজেই বুঝুক।”
এই ঘটনাকে কেন্দ্র করে খড়গপুরের বিজেপি শিবিরে তীব্র চর্চা শুরু হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কর্মসূচিতে শীর্ষ নেতাদেরও একমঞ্চে দেখা যাচ্ছে না — যা রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।







