রাজনীতি

সব্যসাচী তদন্তে বড় পদক্ষেপ, ফ্রিজ ৫ ব্যাঙ্ক অ্যাকাউন্ট; নিখোঁজ স্ত্রী ইন্দিরা

তোলাবাজির মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই প্রাক্তন তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। তবে তাঁর স্ত্রী ইন্দিরা দত্তের অবস্থান এখনও অজানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইন্দিরার কোনও খোঁজ এখনও মেলেনি।

তদন্তকারীরা জানিয়েছেন, সব্যসাচীর পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এর মধ্যে একটি অ্যাকাউন্ট তাঁর স্ত্রী ইন্দিরার সঙ্গে যৌথ নামে রয়েছে। ওই পাঁচটি অ্যাকাউন্টে মোট প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা জমা রয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, তাঁর নামে থাকা দুটি ব্যাঙ্ক লকারেরও সন্ধান মিলেছে। সেখানে মূল্যবান গয়না বা অন্যান্য সামগ্রী থাকতে পারে বলে অনুমান পুলিশের।

অন্যদিকে, ইন্দিরার খোঁজ না মিললেও একটি স্করপিও গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তে নিউটাউনে সব্যসাচীর আরও একটি ফ্ল্যাটের তথ্যও উঠে এসেছে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গাইঘাটায় তাঁর শ্বশুরবাড়িতে তল্লাশি চালানো হলেও সেখান থেকে উল্লেখযোগ্য কিছু উদ্ধার হয়নি বলে খবর। বুধবার বিধাননগর আদালতে সব্যসাচীকে হাজির করিয়ে ফের পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে।

উল্লেখ্য, গত ৮ জুন গভীর রাতে বিধাননগর উত্তর থানার পুলিশ সব্যসাচী দত্তকে গ্রেফতার করে। ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর অভিযোগ, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাঁর কাছ থেকে এক কোটি টাকা জোর করে আদায় করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের হয়। যদিও সব্যসাচী সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি, অভিযোগকারী ব্যবসায়ীর বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।

এদিকে, বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশও সব্যসাচীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, এলাকার দোকানদারদের কাছ থেকে নিয়মিত মাসিক চাঁদা আদায় করা হতো। সব্যসাচী গ্রেফতার হওয়ার পর একাধিকবার তাঁর বিরুদ্ধে বিক্ষোভও দেখা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.