বিনোদন

বাংলা ইন্ডাস্ট্রিতে যুদ্ধভিত্তিক ছবি নেই কেন? জবাব দিলেন পরিচালক রাজ চক্রবর্তী

ভারতীয় সিনেমায় দেশপ্রেম জাগানো বহু ছবি রয়েছে। সীমান্তে যুদ্ধ, সেনার আত্মবলিদান, আর ভারত মাতার জয়গাথা নিয়ে নির্মিত ছবিগুলি বারবার দর্শকদের উদ্বুদ্ধ করেছে। ‘উরি’, ‘শেরশাহ’, ‘বর্ডার’-এর মতো ছবি মানুষের মনে গভীর ছাপ ফেলেছে। অথচ বাংলা চলচ্চিত্রে সেইরকম যুদ্ধভিত্তিক সিনেমার দৃশ্য একপ্রকার অনুপস্থিত।

সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামী’ বা দেব অভিনীত ‘বাঘা যতীন’ প্রমাণ করেছে যে বাঙালি দর্শকও দেশপ্রেমে আপ্লুত হতে পারেন। তা সত্ত্বেও কেন বাংলা সিনেমায় আর কোনও যুদ্ধ বা সীমান্ত সংঘর্ষ কেন্দ্রিক ছবি তৈরি হয় না? এই প্রশ্নই করা হয় বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম পরিচালক রাজ চক্রবর্তীর কাছে। রাজ নিজে বিভিন্ন ঘরানার সিনেমা পরিচালনা করেছে যেমন থ্রিলার, পুলিশ কাহিনি, পারিবারিক গল্প। কিন্তু যুদ্ধ সিনেমা কেন নেই, তা নিয়ে মুখ খুললেন পরিচালক।

রাজ জানান,”প্যান ইন্ডিয়া সিনেমায় যুদ্ধ দেখানো সহজ, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই পাকিস্তানকে ঘিরে কাহিনি তৈরি হয়। সেই যুদ্ধ বা সংঘর্ষ বাস্তব এবং প্রাসঙ্গিক। বাংলায় এমন প্রেক্ষাপট নেই। একমাত্র মুক্তিযুদ্ধই আমাদের জন্য প্রাসঙ্গিক হতে পারে। কিন্তু বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক বরাবরই সৌহার্দ্যপূর্ণ। সেজন্য যুদ্ধ দেখানো আমাদের পক্ষে কঠিন।” তিনি আরও বলেন,”দেশভাগের সময়টা যুদ্ধ নয়, বরং রাজনৈতিক এবং মানবিক সংকটের ইতিহাস। যুদ্ধ দেখাতে গেলে প্রতিপক্ষ দেখাতে হয়। কিন্তু বাংলাদেশের সঙ্গে কোনও টানাপোড়েন নেই, তাই সেভাবে কাহিনি দাঁড় করানো যায় না। হতে পারে ভবিষ্যতে এমন কিছু তৈরি হবে, কিন্তু বর্তমানে বাংলায় যুদ্ধচলিত্র বানানো কঠিন।”

যদি ভবিষ্যতে যুদ্ধনির্ভর কোনও ছবি তৈরি হয়, তবে কি তিনি বলিউড থেকে হেভিওয়েট অভিনেতা আনতে চাইবেন? উত্তরে রাজ বলেন, “আমাদের কলকাতার অভিনেতারা অনেকের চেয়েও ভালো। শুধু উপযুক্ত চিত্রনাট্য এবং সুযোগ পেলে তাঁরাও জাতীয় স্তরের তারকাদের টেক্কা দিতে পারেন। আমরা যুদ্ধভিত্তিক বিষয়বস্তু বেছে নিই না বলেই তাঁরা সুযোগ পান না।”

শেষে রাজ বলেন,”আমরা রিজিওনাল ছবি বানাই। তাই আমাদের গল্প, চরিত্র এবং পরিস্থিতি সেই অনুপাতে নির্ধারিত হয়। জাতীয় স্তরে সিনেমা তৈরি হলে বিষয়বস্তু অনেক বিস্তৃত করা যায়, যেটা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না।” রাজ চক্রবর্তীর ব্যাখ্যা হয়তো কিছু প্রশ্নের উত্তর দিল, কিন্তু আশাও জাগিয়ে দিল, হয়তো ভবিষ্যতে এই ফাঁকটুকু পূরণ করবে টলিপাড়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.