সোমবার রাতে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন বর্ষীয়ান বামনেতা নেপালদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৪ বছর। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে সিপিএমের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন তিনি।
নেপালদেব ছিলেন স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)-এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর সময়ে এসএফআই-এর সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন এম এ বেবি ও সীতারাম ইয়েচুরি। রাজনীতির মঞ্চে তাঁর বিচরণ ছিল বহুমুখী—সিপিএম রাজ্য কমিটির সদস্য এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ হিসেবেও কাজ করেছেন তিনি।
উত্তর ২৪ পরগনার বাসিন্দা নেপালদেব দলবিরোধী কাজের অভিযোগে একসময় সিপিএম থেকে প্রায় ছয় বছরের জন্য বহিষ্কৃত হন। তবে পরে আবার দলে প্রত্যাবর্তন করেন তিনি। তাঁর মৃত্যুতে বামমহলে শোকের ছায়া নেমে আসে। সিপিএম নেতৃত্ব গভীর শোকপ্রকাশ করেছে।
তৃণমূল নেতা কুণাল ঘোষ এক ফেসবুক পোস্টে তাঁর স্মৃতিচারণা করে লেখেন, সাংবাদিকতার সূত্রে নেপালদেবের সঙ্গে তাঁর পরিচয় হয়। তিনি জানান, নেপালদেব এক সময় সিপিএম-কেন্দ্রিক একটি সিনেমাও নির্মাণ করেছিলেন যার প্রথম প্রদর্শনী হয়েছিল আলিমুদ্দিন স্ট্রিটে। তাঁর কথায়, “রাজনৈতিক মতানৈক্য থাকলেও, মানুষটি ছিলেন প্রাণবন্ত ও বর্ণময়। মনে থাকবে।”
নেপালদেব ভট্টাচার্যের প্রয়াণে বাংলার রাজনৈতিক ও বামপন্থী অঙ্গনে এক শূন্যতা তৈরি হলো।







