রাজ্য

আবাস উপভোক্তাদের জন্য সুখবর, কম দামে বালি দেওয়ার পরিকল্পনা রাজ্যের

আবাস যোজনার উপভোক্তাদের নির্মাণ খরচ কমাতে বালির দাম নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আগামী মাস থেকেই পরীক্ষামূলকভাবে জেলার প্রায় ১১টি ব্লকে কম দামে বালি সরবরাহের ব্যবস্থা চালু হতে পারে বলে জানিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়।

বুধবার সিউড়ি-১ ব্লকে আয়োজিত জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে মন্ত্রী জানান, বালির ক্রমবর্ধমান মূল্যের কারণে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে। সেই পরিস্থিতি বিবেচনা করেই আবাস প্রকল্পের উপভোক্তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে কয়েকটি ব্লকে প্রকল্পটি চালু করা হবে, পরে তা গোটা জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সভায় রাজস্ব আদায়ের পরিসংখ্যানও তুলে ধরেন মন্ত্রী। তাঁর দাবি, গত ১৭ মে থেকে ১৬ জুন পর্যন্ত বীরভূমের ১০টি পাথর চেক গেট থেকে প্রায় ৭২ কোটি ৭৮ লক্ষ টাকা রাজস্ব সংগ্রহ হয়েছে। ঈদের কারণে কিছুটা প্রভাব পড়লেও আগামী মাসে এই অঙ্ক ১০০ কোটির কাছাকাছি পৌঁছাতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী আরও দাবি করেন, আগের বছরের তুলনায় চলতি বছরে খনিজ সম্পদ সংক্রান্ত রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। পাশাপাশি অবৈধ পাচার ও নকল চালান রুখতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। তাঁর অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী ট্রাকে পাথরের ধুলো দিয়ে অবৈধভাবে খনিজ পরিবহনের চেষ্টা করছেন। ধরা পড়লে তাঁদের বিরুদ্ধে দ্বিগুণ জরিমানাসহ কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন মন্ত্রী।

রাজ্য সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে আবাস যোজনার উপভোক্তারা নির্মাণ সামগ্রী সংগ্রহে কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.