কলকাতাবিনোদন

বিশ্বের সিনেমা জগতে টলিউডের দিগন্ত খুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বলিউড কিংবা দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় টলিউড কেন পিছিয়ে—এই প্রশ্ন বহুবার উঠেছে। বাজেটের সীমাবদ্ধতা, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের খরচ, আর্থিক পৃষ্ঠপোষকতার অভাব—সব মিলিয়ে বাংলা চলচ্চিত্রের বিকাশে বারবার বাধা এসেছে। তবে এবার সেই সীমারেখা ভাঙার বার্তা শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন—বিশ্বের সিনেনির্মাতাদের জন্য বাংলার দরজা উন্মুক্ত। আন্তর্জাতিক চলচ্চিত্র দুনিয়ার খ্যাতনামা পরিচালকদের তিনি আহ্বান জানালেন টলিউডের সঙ্গে হাত মেলাতে, বাংলার শিল্পী ও প্রযুক্তিবিদদের সঙ্গে কাজ করতে।

‘বসুধৈব কুটুম্বকম’-এর মন্ত্রে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা আমাদের অতিথি নন, আমাদের পরিবারের সদস্য। আমরা সবাই এক বিশ্বপরিবারের অংশ। বাংলা ‘বিবিধের মাঝে মিলন মহান’ এই দর্শনে বিশ্বাসী। বাংলার মানুষ যেমন ভালোবাসতে জানে, তেমনই আতিথেয়তাও জানে।”

বিশ্বের ৩৯টি দেশের চলচ্চিত্র ব্যক্তিত্বদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী টলিউডের প্রতি তাঁর দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, “হলিউড-বলিউডের অর্থনৈতিক ক্ষমতা আছে, কিন্তু বাংলা ভারতের কালচারাল ক্যাপিটাল। এখানে রয়েছে প্রতিভা, পরিকাঠামো, পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত অপূর্ব লোকেশন। বিদেশি নির্মাতারা যদি একটু উৎসাহ দেন, আমি নিশ্চয়তা দিচ্ছি—বাংলা সিনেমা বিশ্বের সেরা হতে পারে।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, “কিফ উৎসব জনগণের উৎসব। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, আপনজনের মতো ক্ষমা করবেন। আগামী বছর ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আরও বড়, আরও ঐকতানময় হবে।”

সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব গৌতম ঘোষ, শান্তনু মৈত্র, সৃজিত মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, অরিন্দম শীল, শিল্পী ইন্দ্রনীল সেন, সাংসদ মহুয়া মৈত্র এবং অভিনেতা-সাংসদ দেব সহ টলিউডের বিশিষ্ট শিল্পীরা।

মুখ্যমন্ত্রীর এই আহ্বানে নতুন করে আশার আলো দেখছে বাংলা চলচ্চিত্র জগৎ। শিল্পীরা মনে করছেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে টলিউডের নতুন অধ্যায় শুরু হতে চলেছে—যেখানে বাংলা সিনেমা ফের ফিরে পেতে পারে তার প্রাপ্য সম্মান ও বিশ্বমঞ্চে নিজের জায়গা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.