বিধানসভার সই জালিয়াতি মামলার তদন্তে এবার তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাসভবনে পৌঁছল সিআইডি। শনিবার সকালে তদন্তকারী সংস্থার একটি দল ভবানীপুরে তাঁর বাড়িতে গিয়ে প্রায় আধঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে বলে সূত্রের খবর। উল্লেখযোগ্যভাবে, বিধানসভায় তৃণমূলের পক্ষ থেকে বিরোধী দলনেতা হিসেবে প্রথমে শোভনদেব চট্টোপাধ্যায়ের নামই প্রস্তাব করা হয়েছিল।
পরে দলের একাংশের বিদ্রোহী বিধায়ক অভিযোগ করেন, তাঁদের স্বাক্ষর জাল করে সেই প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। তদন্তকারীদের প্রশ্নের জবাবে শোভনদেব পূর্ণ সহযোগিতা করেছেন বলে জানা গিয়েছে। তিনি জানিয়েছেন, তদন্তের স্বার্থে ভবিষ্যতেও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবেন। সূত্রের দাবি, এ দিন মূলত তৃণমূলের একটি অভ্যন্তরীণ বৈঠক সংক্রান্ত নানা বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়।
এই মামলার তদন্ত বহুদিন ধরেই চলছে। এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। তদন্তের অংশ হিসেবে অভিষেককে একাধিকবার ভবানী ভবনে হাজিরাও দিতে হয়েছে। এমনকি, এক পর্যায়ে কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়েও জেরা করেন তদন্তকারীরা।
এর আগে তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের ‘১৮৮এ শান্তিনিকেতন’ আবাসনেও পৌঁছেছিল সিআইডির একটি বিশেষ দল। তবে সেখানে গিয়ে তাঁকে না পাওয়ায় তদন্তকারীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। পরে এক ব্যক্তি বাইরে এসে জানান, অভিষেক বাড়িতে নেই এবং পরিবারের অন্য সদস্যরাও সেখানে উপস্থিত নন।
পরবর্তীতে ওই ব্যক্তির পরিচয় ও ঠিকানা নথিভুক্ত করে সিআইডি আধিকারিকরা। জানা যায়, মূলত তদন্ত-সংক্রান্ত একটি সরকারি নোটিস পৌঁছে দিতেই সেখানে গিয়েছিলেন তাঁরা। পরে কালীঘাট রোডের অন্য বাসভবনে গিয়ে অভিষেকের হাতে সরাসরি সেই নোটিস তুলে দেওয়া হয়। এরপরই তিনি ভবানী ভবনে হাজিরা দেন।
তদন্তের পরিধি বাড়িয়ে এর আগে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের লাগোয়া দলীয় কার্যালয়েও তল্লাশি চালায় সিআইডি। দীর্ঘক্ষণ অনুসন্ধান চালালেও সেখান থেকে উল্লেখযোগ্য কোনও তথ্য বা নথি মেলেনি বলে জানা যায়।
শুধু তাই নয়, তদন্তকারীরা ২৯ ডি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের একটি ঠিকানাতেও যান। সূত্রের খবর, ওই বহুতলের প্রথম তলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়া বসবাস করেন। তদন্তের সূত্র ধরেই সেখানে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা।







