বৃষ্টিভেজা আবহাওয়ার মধ্যেই উত্তরবঙ্গে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দ্রুতগতিতে ছুটে আসা একটি সরকারি বাস রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলারের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ৬ জন। আহত হয়েছেন বহু যাত্রী, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে। ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি মৃত ও আহতদের জন্য আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে।
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবরি এলাকায় জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। আহতদের মধ্যে এক শিশুসহ একাধিক যাত্রীর শারীরিক অবস্থা উদ্বেগজনক।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শিলিগুড়ির দিক থেকে আসা সরকারি বাসটি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারকে অতিক্রম করার চেষ্টা করছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে বাসটির। সংঘর্ষের জেরে বাসের এক পাশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত কয়েকজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
ঘটনার পর প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণকে পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং অন্যান্য আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ৮৫৯৭৯৬৫০১৬ নম্বরে।







