রবিবার তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায় ঘটে গেল এক ভয়াবহ শিল্প দুর্ঘটনা। একটি সি-ফুড প্রসেসিং কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে কমপক্ষে সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়েছেন অন্তত ৫৭ জন শ্রমিক, যাঁদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।
পেরিয়াপালম এলাকার সেন্ট পিটার্স অ্যান্ড পাল সিফুড এক্সপোর্ট ফেসিলিটি নামে একটি সি-ফুড প্রক্রিয়াকরণ কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। গ্যাস ছড়িয়ে পড়ার পর একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়তে শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে শ্রমিকেরা বাতাসে তীব্র ঝাঁঝালো গন্ধ টের পান। এরপর তাঁদের মধ্যে শ্বাসকষ্ট, মাথা ঘোরা এবং বমির মতো উপসর্গ দেখা দেয়। অল্প সময়ের মধ্যেই বহু শ্রমিক অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট হয়। দ্রুত তাঁদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, কারখানার মেজারমেন্ট ভাল্ভ বা পরিমাপক ভাল্ভে ত্রুটির জেরেই অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়েছে।
ঘটনার খবর পেয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর গভীর শোকপ্রকাশ করে বলেন, তিরুভাল্লুর জেলার কান্নিগাইপেয়ার গ্রামে চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহত ও অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।







