জেলা

কল্যাণীতে আমগাছে ঝুলন্ত বিজেপি কর্মীর দেহ, রাজনৈতিক খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য

পাশে রাখা সাইকেল ও জুতো। আর আমগাছের ডালে পা বাঁধা অবস্থায় ঝুলছে এক বিজেপি কর্মীর দেহ। সোমবার সকালে নদিয়ার কল্যাণীর এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃতের নাম বিশ্বজিৎ শিকদার। পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, বিশ্বজিতের বাবা বিজেপির বুথ সভাপতি এবং বিশ্বজিৎও এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর একটি সাইকেল মেরামতের দোকান রয়েছে। সোমবার সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কল্যাণী থানার ডেঙুরপাড়া এলাকায় একটি আমগাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এই মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিজেপির দাবি, এটি আত্মহত্যার ঘটনা নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত খুন। তাদের অভিযোগ, অন্যত্র বিশ্বজিৎকে খুন করে পরে দেহটি গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে ঘটনাকে আত্মহত্যা বলে দেখানো যায়। দলের বক্তব্য, পা বাঁধা অবস্থায় কেউ নিজে গলায় ফাঁস দিতে পারেন না। পাশাপাশি, আত্মহত্যা করতে হলে তিনি কেন বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে যাবেন, সেই প্রশ্নও তুলেছে বিজেপি।

গেরুয়া শিবিরের আরও অভিযোগ, বিশ্বজিতের বাবা কল্যাণীর ১২৭ নম্বর বুথের বুথ সভাপতি হওয়ায় দীর্ঘদিন ধরেই তাঁদের পরিবার রাজনৈতিক চাপের মুখে ছিল। বিশ্বজিৎকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য বারবার চাপ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়া অতীতে তাঁকে মারধর এবং তাঁর সাইকেলের দোকানে ভাঙচুর চালানোর ঘটনাও ঘটেছিল বলে দাবি বিজেপির।

বিজেপির অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজনৈতিক প্রতিহিংসার আবহে এই ঘটনা ঘটেছে। তারা নিরপেক্ষ তদন্তের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অধীন কোনও হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্তের দাবিও জানিয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। কল্যাণী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় নজরদারি বাড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.