লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিতর্কের পর এবার সামনে এল প্রতিবন্ধী ভাতা বণ্টনে অনিয়মের অভিযোগ। অভিযোগ, সম্পূর্ণ সুস্থ ব্যক্তিদেরও সরকারি প্রতিবন্ধী ভাতার সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার পরিবারের বিরুদ্ধে। যদিও অভিযুক্ত নেতা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
ঘটনাটি মুর্শিদাবাদের সামশেরগঞ্জের। সেখানে তৃণমূল পরিচালিত সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য অসিকুল ইসলামের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তাঁর পরিবারের অন্তত ১৫ জন সদস্যকে সরকারি নথিতে ‘প্রতিবন্ধী’ হিসেবে দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ভাতার অর্থ তোলা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, অসিকুল ইসলামের স্ত্রী রেশমা লাইলা, তিন ছেলে—মহম্মদ আদিল ইসলাম, মহম্মদ সাইফ ইসলাম ও সাজিদ ইসলাম-সহ পরিবারের আরও একাধিক সদস্য এই ভাতার সুবিধাভোগীর তালিকায় রয়েছেন। শুধু স্ত্রী ও সন্তানই নন, পরিবারের ভাই, কাকা, ভাইপো ও ভাইঝিদের নামও ওই তালিকায় রয়েছে বলে অভিযোগ। অথচ স্থানীয়দের দাবি, তালিকাভুক্ত প্রত্যেকেই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ।
ঘটনা সামনে আসতেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাসিন্দাদের প্রশ্ন, প্রকৃত প্রতিবন্ধীরা সরকারি সহায়তার জন্য দীর্ঘদিন অপেক্ষা করলেও, কীভাবে এক রাজনৈতিক নেতার পরিবারের এতজন সদস্য সরকারি ভাতার সুবিধা পেলেন?
এই অনিয়মের নেপথ্যে কারা রয়েছে এবং প্রশাসনের ভূমিকা কী ছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে। সমাজমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। বিরোধীদের দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়; সরকারি প্রকল্পে দলীয় প্রভাব খাটিয়ে অনিয়মের মাধ্যমে সুবিধা নেওয়ারই আরেকটি উদাহরণ। ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং ভুয়ো উপভোক্তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিও উঠেছে।







