রাজ্য

টানা বৃষ্টিতে ফের ফুঁসছে বালাসন, ভেসে গেল দুধিয়ার হিউমপাইপ সেতু, বিচ্ছিন্ন মিরিক

রাতভর প্রবল বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি। বাড়ছে বালাসন নদীর জলস্তর। আর তার জেরেই কয়েক মাসের ব্যবধানে আবারও জলের তোড়ে ভেসে গেল দুধিয়ার হিউমপাইপের অস্থায়ী সেতু। এর ফলে সড়কপথে আংশিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মিরিক। আপাতত বেইলি ব্রিজ দিয়ে ছোট গাড়ি চলাচল করলেও বড় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ। এর পাশাপাশি রয়েছে ধস নামার আশঙ্কাও। সব মিলিয়ে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক—সকলের মধ্যেই তৈরি হয়েছে তীব্র আতঙ্ক।

গত জুলাইয়েও টানা বৃষ্টি এবং মহানন্দার ফুলবাড়ি ব্যারেজের গেট খুলে দেওয়ার কারণে বালাসন নদীতে জলস্তর হু হু করে বেড়ে যায়। সেই সময় জলের তোড়ে ভেসে গিয়েছিল দুধিয়ার অস্থায়ী সেতু। বন্ধ হয়ে গিয়েছিল শিলিগুড়ি-মিরিক সড়ক যোগাযোগ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় সেতু মেরামতির কাজ। পাশাপাশি দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে সেনাবাহিনীর তরফে তৈরি করা হয় বেইলি ব্রিজ। কিন্তু দেড় মাস কাটতে না কাটতেই ফের একই পরিস্থিতির পুনরাবৃত্তি।

বৃহস্পতিবার বিকেল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয় প্রবল বৃষ্টি। ক্রমশ বাড়তে থাকে নদীর জল। শেষ পর্যন্ত জলের চাপে ফের ভেসে যায় দুধিয়ার অস্থায়ী হিউমপাইপের সেতু।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন এলাকা থেকে নিম্নচাপটি সরে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। নিম্নচাপটি কিছুটা দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। পাশাপাশি হরিয়ানা থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে, যা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি।

শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে।

অন্যদিকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গেরও একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট ধীরে ধীরে কমার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.