কলকাতারাজ্য

তারাতলা বিপর্যয়ে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ, আহতদের জন্য ১ লক্ষ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তারাতলা বিপর্যয়ে নিহতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় দুর্ঘটনা প্রসঙ্গে বিবৃতি দিতে গিয়ে তিনি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন।

দুর্ঘটনাস্থলে এখনও ধ্বংসস্তূপের স্তূপ। চারদিকে ছড়িয়ে রয়েছে বিশাল লোহার বিম ও কংক্রিটের চাঙড়। বুধবার রাতভর উদ্ধার অভিযান চলার পর বৃহস্পতিবার সকালেও জারি ছিল ‘অপারেশন’। সকালে আরও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিন সকাল ১১টায় বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, দুর্ঘটনার মাত্র আধ ঘণ্টার মধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছিল। প্রথমে কলকাতা পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয় বাসিন্দারা কাজে নামেন। পরে এনডিআরএফ ও সেনাবাহিনী উদ্ধার অভিযানে যোগ দেয়।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রথম ঘটনাস্থলে পৌঁছেছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরে যান দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী ও স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়-সহ অন্যান্য মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী জানান, তিনি শুরু থেকেই পরিস্থিতির উপর নজর রাখছিলেন। উদ্ধারকাজে কোনও বিঘ্ন না ঘটাতে প্রাথমিক পর্যায়ে সেখানে না গিয়ে পরে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন।

বিধানসভায় দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে এবং বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তবে ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। দলে রয়েছেন গোয়েন্দা বিভাগের এসিপি জয়সূর্য মুখোপাধ্যায়, হোমিসাইড শাখার ওসি দেবাশিস দত্ত, ইন্সপেক্টর হিরক দলপতি ও সরফরাজ আহমেদ, পাশাপাশি তারাতলা থানার সাব-ইন্সপেক্টর মানস ভট্টাচার্য এবং কুশল মণ্ডল।

এদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সুপারভাইজার গুলজার হোসেন, লোহার কাঠামো নির্মাতা কমল সামন্ত, জমির লিজগ্রহীতা শম্ভুনাথ বেহেরা, শ্রমিক সরবরাহকারী ও ঠিকাদার দিবারক ভাণ্ডারি এবং নির্মাণ পরিকল্পনা অনুমোদনের মধ্যস্থতাকারী আবদুল হামিদ। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই ঘটনায় অন্য কারও গাফিলতি বা দায় রয়েছে কি না। প্রয়োজন হলে তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.