কলকাতাক্রাইম

কলকাতায় আবাসিক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ক‍্যারাটে প্রশিক্ষক

কলকাতার সার্ভে পার্ক এলাকায় এক আবাসিক নাবালিকাকে দীর্ঘ কয়েক মাস ধরে যৌন হেনস্থা ও যৌন নির্যাতনের অভিযোগে এক ক‍্যারাটে প্রশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম প্রসেনজিৎ দাস। সোমবার তাঁকে আলিপুর পকসো আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রবীন্দ্র সরোবর থানায় নাবালিকার এক আত্মীয় তাঁকে সঙ্গে নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রথমে একটি জিরো এফআইআর নথিভুক্ত করা হয়। পরে ঘটনাস্থল সার্ভে পার্ক থানার আওতায় হওয়ায় মামলাটি সেখানে স্থানান্তরিত করা হয়। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তকারীদের দাবি, সার্ভে পার্কের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালিত আবাসনে থাকত ওই নাবালিকা। সেখানে ক‍্যারাটে প্রশিক্ষণ দিতে যেতেন প্রসেনজিৎ দাস। অভিযোগ, গত বছরের জুন থেকে অক্টোবরের মধ্যে একাধিকবার তিনি নাবালিকার উপর যৌন হেনস্থা ও নির্যাতন চালান।

পরবর্তীতে নাবালিকা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সামনে আসে। অভিযোগ, তখনই স্বেচ্ছাসেবী সংস্থার কর্তৃপক্ষ বিষয়টি শিশু কল্যাণ কমিটি (সিডব্লিউসি)-কে জানায়। নাবালিকার চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং শারীরিকভাবে সুস্থ হওয়ার পর তাঁকে একটি হোমে রাখা হয়। এরপর বিস্তারিত তথ্য প্রকাশ্যে এলে পরিবারের তরফে পুলিশের দ্বারস্থ হওয়া হয়।

ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, পকসো আইনের আওতায় মামলাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

উল্লেখ্য, রাজ্যে সম্প্রতি বারুইপুরে এক ১২ বছরের নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতায় নাবালিকাকে যৌন নির্যাতনের এই অভিযোগ নতুন করে শিশু নিরাপত্তা ও আবাসিক প্রতিষ্ঠানগুলিতে নজরদারির প্রশ্ন তুলে দিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.