বিশ্ব

‘শর্ত না মানলে চুক্তি নয়, যুদ্ধের জন্যও প্রস্তুত’— আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের

কাতারে সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠক ঘিরে জল্পনা চললেও শেষ পর্যন্ত মুখোমুখি আলোচনা হয়নি আমেরিকা ও ইরানের। এই পরিস্থিতিতেই ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের সংসদের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সমঝোতার শর্ত বাস্তবায়ন না হলে কোনও চূড়ান্ত চুক্তি হবে না। প্রয়োজনে যুদ্ধের জন্যও ইরান প্রস্তুত বলে দাবি তাঁর।

এক সাক্ষাৎকারে গালিবাফ অভিযোগ করেন, অতীতেও একাধিকবার সমঝোতার শর্ত ভেঙেছে আমেরিকা। পারস্য উপসাগরে মার্কিন সামরিক পদক্ষেপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরান প্রয়োজন হলে তার উপযুক্ত জবাব দেবে। তাঁর বক্তব্য, বর্তমানে দুই দেশের আলোচনা শুধুমাত্র চূড়ান্ত চুক্তি নয়, বরং সমঝোতা স্মারকের বিভিন্ন শর্ত বাস্তবায়নের উপরই বেশি গুরুত্ব দিচ্ছে।

ইরানের দাবি, সমঝোতা স্মারকের একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ অনুযায়ী দুই দেশের যৌথ তত্ত্বাবধানে একটি পর্যবেক্ষক দল গঠনের কথা রয়েছে, যা শর্তগুলি কার্যকর হচ্ছে কি না তা খতিয়ে দেখবে। সেই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি বলেই জানিয়েছে তেহরান।

গালিবাফ আরও দাবি করেন, সমঝোতার পর আমেরিকা তেল রফতানির উপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। পাশাপাশি হরমুজ প্রণালী থেকে নৌ অবরোধ প্রত্যাহারের ফলে ইরান বিপুল পরিমাণ অপরিশোধিত তেল রফতানি করতে পেরেছে। তবে তিনি স্পষ্ট করে দেন, হরমুজ প্রণালীর উপর ইরানের অধিকার কোনও অবস্থাতেই ছাড়া হবে না।

অন্যদিকে, কাতারে বৈঠক নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকের ইঙ্গিত দিলেও নির্ধারিত সময়ে দুই দেশের মধ্যে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি। ইরান অবশ্য জানিয়েছে, তাদের প্রতিনিধিদল কাতারে গেলেই যে আমেরিকার সঙ্গে বৈঠক হবে, এমন কোনও অর্থ করা ঠিক নয়। দুই দেশের প্রতিনিধিদের সফর একেবারেই আলাদা উদ্দেশ্যে হয়েছে বলেই দাবি তেহরানের।

উল্লেখ্য, গত জুনে যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্বাক্ষরের পর উত্তেজনা কিছুটা কমলেও পরে আবার দু’পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। বর্তমানে সংঘর্ষবিরতি কার্যকর থাকলেও কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত। আন্তর্জাতিক মহলের একাংশের মতে, প্রকাশ্যে কড়া অবস্থান নিলেও আপাতত আমেরিকা বা ইরান— কেউই পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। তবে চাপ বজায় রাখতে দুই দেশই কূটনৈতিক ও রাজনৈতিক বার্তা দিয়ে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.