তিন মরসুমের আস্থা এবার আরও মজবুত বন্ধনে বাঁধা পড়ল। শৌভিক চক্রবর্তীর ওপর ভরসা রেখে আরও দু’বছরের জন্য চুক্তি নবীকরণ করল ইস্টবেঙ্গল। মাঠে পারফরম্যান্স যেমন ধারাবাহিক, তেমনই ড্রেসিংরুমে তাঁর নেতৃত্বগুণ, দায়বদ্ধতা ও ক্লাবের প্রতি ভালোবাসা লাল-হলুদ শিবিরের অন্যতম বড় সম্পদ হয়ে উঠেছে। ফলে, বঙ্গসন্তানকে ধরে রাখার সিদ্ধান্তে বিন্দুমাত্র সন্দেহ রাখেননি কোচ অস্কার ব্রুজ়োও।
২০২২ সালে হায়দরাবাদ এফসি থেকে ইস্টবেঙ্গলে আসার পর থেকেই শৌভিক হয়ে ওঠেন মিডফিল্ডের স্তম্ভ। গত তিন বছরে ৬৫টি ম্যাচে ৪৬০১ মিনিট মাঠে কাটিয়েছেন তিনি, করেছেন একটি গোল ও একটি অ্যাসিস্ট। সদ্যসমাপ্ত মরসুমেই তিনি খেলেছেন ২৮টি ম্যাচ, যার মধ্যে ২১৪৯ মিনিট মাঠে ছিলেন। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে এএফসি চ্যালেঞ্জ লিগে তাঁর গোল ছিল চোখে পড়ার মতো।
কোচ ব্রুজ়োর মতে, “শৌভিকের মধ্যে নেতৃত্ব, পেশাদারিত্ব ও ক্লাবপ্রেম, সবটাই রয়েছে। তাঁর সঙ্গে চুক্তি বাড়ানো মানে ভবিষ্যতের ভিত গড়ে তোলা।”
নিজেও আবেগাপ্লুত শৌভিক বলেন, “ইস্টবেঙ্গলের হয়ে খেলা আমার কেরিয়ারের গর্বের অধ্যায়। সুপার কাপ জয়, সমর্থকদের উল্লাস— সবটাই আজও মনে গেঁথে আছে। এখন লক্ষ্য, ক্লাবকে আরও বড় সাফল্য এনে দেওয়া।”
২০২৬-২৭ মরসুম পর্যন্ত এই চুক্তি লাল-হলুদের মাঝমাঠকে যেমন স্থিতিশীলতা দেবে, তেমনই ক্লাবকেও দেবে অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসের অনন্য মিশেল।







