ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাবি প্রহরে কাঁপছে উপমহাদেশ। বুধবার ভোর রাতে ভারতীয় সেনার সফল অভিযানে পাকিস্তানের অন্তত ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস হওয়ার পর দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে পাকিস্তানে অবস্থানকারী বিদেশি নাগরিকদের মধ্যেও। আর সেই আতঙ্ক থেকেই পাকিস্তান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের দুই নামী ক্রিকেটার ডেভিড উইলি এবং ক্রিস জর্ডান।
এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ মুলতান সুলতান্স দলের হয়ে খেলছেন উইলি ও জর্ডান। সূত্রের খবর, তাঁরা সোজাসুজি দলের ম্যানেজমেন্টকে অনুরোধ করেছেন যেন তাঁদের দেশে ফেরার অনুমতি দেওয়া হয়। তাঁদের যুক্তি, দল ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে, হাতে মাত্র একটি ম্যাচ, তাই ঝুঁকি না নিয়ে দেশে ফেরাটাই শ্রেয়।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এবং পেশাদার ক্রিকেটারদের সংস্থা বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছে পাকিস্তানে অবস্থানরত খেলোয়াড়দের সঙ্গে। পরিস্থিতি যদি আরও জটিল হয়, তবে সরকারিভাবেই নিষেধাজ্ঞা জারি হতে পারে পাকিস্তানে ইংরেজদের সফরের উপরে। তার আগেই সতর্ক পদক্ষেপ নিতে চাইছেন দুই ক্রিকেটার।
যদিও উইলি ও জর্ডানের মতো আশঙ্কা প্রকাশ করেননি বাকি পাঁচ ইংরেজ ক্রিকেটার— স্যাম বিলিংস, জেমস ভিন্স, টম কারেন, লুক উড ও টম কোহলার-কাডমোর। তাঁদের এজেন্টদের বক্তব্য, “এখনও পর্যন্ত নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হয়নি। পরিস্থিতি স্থিতিশীল থাকলে ক্রিকেটাররাও থাকবেন। তবে উত্তেজনা বাড়লে অন্যরাও সিদ্ধান্ত বদলাতে পারেন।”
এই ঘটনার ফলে পাকিস্তান সুপার লিগের ভাবমূর্তিতে বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে ভবিষ্যতে পিএসলে অংশগ্রহণ নিয়ে অন্য তারকারাও ভাবতে বাধ্য হবেন।







