আবহাওয়া

বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার সন্ধ্যা থেকেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে বলে পূর্বাভাস। আগামী দু’দিন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় লাল, কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার পর থেকেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার পরিস্থিতি আরও জটিল হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি রয়েছে।

রবিবারও দুর্যোগের প্রভাব বজায় থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

রাজধানী কলকাতাতেও শুক্রবার সন্ধ্যার পর থেকে আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার ও রবিবার শহরে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জলজট ও যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার-সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গলবারের পর থেকে পাহাড় ও ডুয়ার্সের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

নিম্নচাপের জেরে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রতিকূল আবহাওয়া তৈরি হওয়ার আশঙ্কায় প্রশাসনকে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদেরও আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখার আবেদন জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.