পুজোর মধ্যেই রাজ্যের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের উপভোক্তাদের ঝাড়াই-বাছাইয়ের কাজ শেষ করে যোগ্যদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনের শীর্ষকর্তা ও জেলাশাসকদের নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশ দেন। সূত্রের খবর, নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য একটি বিস্তারিত ‘ইমপ্লিমেন্টেশন ক্যালেন্ডার’ তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে মুখ্যমন্ত্রী সরকারি অর্থ ব্যয়ে কঠোর নজরদারির উপর জোর দেন। পাশাপাশি, প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত পরিষেবা প্রদানকারী আধিকারিকদের নাম ও যোগাযোগ নম্বর প্রকাশ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ কোনও সমস্যায় সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া প্রশাসনিক আধিকারিকদের নিয়মিত এলাকাভিত্তিক বৈঠক করার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে মানুষের সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধান করা যায়।
ডেটাবেস সংরক্ষণ ও তথ্য ব্যবস্থাপনায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিবর্তে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিজেপি সরকার। এই প্রকল্পে যোগ্য উপভোক্তারা দেশ ও রাজ্যের বিভিন্ন তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসার সুবিধা পাবেন এবং বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা মিলবে। তবে সরকার জানিয়েছে, নতুন প্রকল্প সম্পূর্ণরূপে কার্যকর না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্প চালু থাকবে, যাতে কোনও উপভোক্তা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন।







