ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বড় চমক! অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেন সুনীল ছেত্রী। ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও, এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ারের গুরুত্ব বিবেচনায় রেখে ভারতের প্রধান কোচ মানোলো মার্কেজ তাঁকে ফেরানোর সিদ্ধান্ত নেন। তবে বিস্ময়করভাবে স্কোয়াডে জায়গা পাননি অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রিত সিং সান্ধু।
আগামী ১৯ মার্চ মালদ্বীপের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারত, যা ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচের প্রস্তুতির অংশ। সুনীল ছেত্রীকে ফিরিয়ে আনতে কোচ মার্কেজ বলেন, “এশিয়ান কাপ বাছাই পর্ব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সুনীলের সঙ্গে কথা বলে তাকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিই।”
ভারতের ঘোষিত ২৬ সদস্যের দলে রয়েছে বেশ কয়েকজন নতুন মুখ। তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়া হলেও, গুরপ্রিতের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। অভিজ্ঞ এই গোলরক্ষকের জায়গায় সুযোগ পেয়েছেন অমরিন্দর সিং, গুরমিত সিং ও বিশাল কৈথ।
ছেত্রীর প্রত্যাবর্তন ভারতীয় দলের আক্রমণভাগে নতুন শক্তি এনে দেবে বলেই মনে করা হচ্ছে। তবে গুরপ্রিতের অনুপস্থিতি রক্ষণভাগের ওপর চাপ সৃষ্টি করতে পারে। এখন দেখার, ভারতের অভিজ্ঞ এবং নবীন তারকারা মিলিতভাবে কেমন পারফর্ম করেন।
ভারতের স্কোয়াড:
গোলরক্ষক: অমরিন্দর সিং, গুরমিত সিং, বিশাল কৈথ।
ডিফেন্ডার: আশিস রাই, বোরিস সিং থাঙ্গজাম, চিনলেনসানা সিং কনশম, হমিংথানমাওয়া, মেহতাব সিং, রাহুল ভেকে, রোশন সিং, সন্দেশ ঝিংগান, সুবাসিশ বসু।
মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, অয়ুশ দেব ছেত্রী, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, ব্রিসন ফার্নান্ডেজ, জ্যাকসন সিং থাউনাোজাম, লালেংমাওয়িয়া, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, ফারুক চৌধুরী, ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিং।







