সরকারি চাকরির খোঁজে থাকা অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের জন্য দারুণ সুযোগ নিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। সংস্থার প্রিমাইসেস ডিপার্টমেন্টে পূর্ণকালীন চুক্তিভিত্তিক কনসালট্যান্ট সাইট ইঞ্জিনিয়ার (সিভিল ও ইলেকট্রিক্যাল) পদে মোট ৮ জনকে নিয়োগ করা হবে। এই নিয়োগের সবচেয়ে আকর্ষণীয় দিক হল, কোনও লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র অভিজ্ঞতা ও সাক্ষাৎকারের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের সিভিল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই./বি.টেক (সমমানের ডিগ্রিও গ্রহণযোগ্য) থাকতে হবে। পাশাপাশি নির্মাণ বা বিল্ডিং প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত ১৫ বছরের পেশাদার অভিজ্ঞতা বাধ্যতামূলক। সরকারি বা স্বনামধন্য সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হতে পারে।
বেতনের দিক থেকেও এই চাকরি অত্যন্ত আকর্ষণীয়। লেভেল-২ পদে মাসিক বেতন ২.৪০ লক্ষ থেকে ৩.৪০ লক্ষ টাকা এবং লেভেল-৩ পদে ৩.১০ লক্ষ থেকে ৪.১০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া প্রযোজ্য ভাতা মিলবে। প্রাথমিকভাবে নিয়োগ হবে তিন বছরের চুক্তিতে, যা প্রয়োজন অনুযায়ী আরও দুই বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
সিভিল ইঞ্জিনিয়ারদের পোস্টিং হতে পারে রায়পুর, চণ্ডীগড়, জম্মু, লখনউ ও মুম্বাইয়ে। অন্যদিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কর্মস্থল মূলত মুম্বাই। আবেদনকারীর বয়স ৪০ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। আবেদন যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে এবং সেই সাক্ষাৎকারের ভিত্তিতেই চূড়ান্ত নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা ২০ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬টার মধ্যে আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন। সাধারণ, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের আবেদন ফি ৬০০ টাকা, আর এসসি, এসটি ও PwBD প্রার্থীদের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন জমা দেওয়ার পর তার একটি প্রিন্ট কপি সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।







