অযোধ্যার রামমন্দিরের অনুদান তছরুপ মামলার তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। পুলিশের জেরায় ধৃত প্রধান অভিযুক্তদের অন্যতম অবিনাশ শুক্ল স্বীকার করেছেন, মন্দিরের অনুদানের টাকা ব্যক্তিগত কাজে নির্বিচারে খরচ করেছেন। পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য, ভাইয়ের জাঁকজমকপূর্ণ বিয়ে, বন্ধুদের দামি উপহার—সব মিলিয়ে প্রায় ১৯ লক্ষ টাকা তিনি বিলিয়ে দিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে।
তদন্তকারী সূত্রের দাবি, অবিনাশ এক ভাইয়ের বিয়ের জন্য প্রায় ৬ লক্ষ টাকা খরচ করেন। অন্য এক ভাইকেও ৬ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেন। এক বন্ধুকে আড়াই লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি একটি দামি মোবাইল ফোনও কিনে দেন। এছাড়া আরও বহু পরিচিত ব্যক্তিকে ছোট-বড় অঙ্কের টাকা পাঠানোর তথ্যও মিলেছে।
শুধু নগদ অর্থ বিলানোই নয়, রামমন্দির উদ্বোধনের কিছুদিন পর ভাইয়ের নামে একটি জমিও কেনা হয়েছিল বলে তদন্তে জানা গিয়েছে। টাকার উৎস নিয়ে পরিবারের প্রশ্ন উঠলেও তা এড়িয়ে যান অভিযুক্ত। নিজের জন্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে একটি এসইউভি গাড়িও কেনেন তিনি। সেই গাড়ি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। জমি কেনার নথিও খতিয়ে দেখা হচ্ছে।
অবিনাশের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় ২০.৩৯ লক্ষ টাকা নগদ, এক হাজারেরও বেশি মার্কিন ডলার, সোনার গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধার করেছে। তদন্তকারীদের অনুমান, এগুলির বড় অংশই অনুদানের টাকা আত্মসাতের সঙ্গে যুক্ত হতে পারে।
অন্যদিকে, এই মামলার আরেক অভিযুক্ত অনুকল্প মিশ্রের সম্পত্তি বৃদ্ধিও তদন্তের কেন্দ্রে এসেছে। কয়েক বছর আগেও সাধারণ জীবনযাপন করলেও, অনুদান গণনার দায়িত্ব পাওয়ার পর তাঁর সম্পদের পরিমাণ দ্রুত বেড়ে যায় বলে অভিযোগ। গ্রামের বাড়িকে প্রাসাদে রূপান্তর, একটি বিশাল ফার্মহাউস নির্মাণ এবং অযোধ্যায় প্রায় ৬৫ লক্ষ টাকার বাড়ি কেনার তথ্য সামনে এসেছে। তাঁর সম্পত্তির উৎস নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।
এই বহুল চর্চিত মামলায় ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা তাঁদের জমি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সম্পত্তির নথি খতিয়ে দেখে অনুদানের অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়েছে, তার পূর্ণ হিসাব বের করার চেষ্টা করছেন







