বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি যখন উত্তপ্ত, তখন বিরোধীদের আন্দোলনকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, এই ঘটনাকে সামনে রেখে বিরোধীরা শুধুই রাজনৈতিক প্রচার এবং আলোচনায় থাকার চেষ্টা করছে।
বারুইপুরের নৃশংস ঘটনার পর থেকেই রাজ্যজুড়ে ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার পর দ্রুত পদক্ষেপ করে প্রশাসন। কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং আরও তিনজনকে আটক করা হয়। একইসঙ্গে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়। রবিবার নিহত নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করারও কথা ছিল।
এই পরিস্থিতিতেও বিরোধী দলগুলির লাগাতার প্রতিবাদ প্রসঙ্গে মঙ্গলবার সকালে প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “কাকে কীভাবে সোজা করতে হয়, সেটা বিজেপি ভালো করেই জানে। মানুষ শান্তিতে থাকতে পরিবর্তন এনেছে, আর বাংলার মানুষ এবার শান্তিতেই থাকবে।”
নারী নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি পূর্বতন তৃণমূল সরকারকেও আক্রমণ করেন। দিলীপের বক্তব্য, “তৃণমূলের আমলে প্রায় প্রতিদিনই ধর্ষণের ঘটনা ঘটেছে। তখন সরকার কী ব্যবস্থা নিয়েছিল? বারুইপুরের ঘটনায় বিজেপি সরকার দ্রুত পদক্ষেপ করেছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন কিছু মানুষ আন্দোলনের নামে শুধুই নাটক করছে। মানুষের জন্য কীভাবে কাজ করতে হয়, তা বিজেপি জানে।”
দিলীপ ঘোষের বক্তব্যে স্পষ্ট, বিরোধীদের আন্দোলনকে তিনি বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাঁর দাবি, সরকারের প্রধান লক্ষ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া।







