রাজ্য

মুখ্যমন্ত্রীর সফরের আগে ইন্দ্রজিতের বাড়িতে প্রশাসনের তৎপরতা, শুরু সংস্কারের কাজ

বারুইপুরের বহুল আলোচিত ঘটনাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা আরও জোরদার হয়েছে। শনিবার মুখ্যমন্ত্রীর সম্ভাব্য বারুইপুর সফরের আগে গণপিটুনিতে নিহত অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে পৌঁছন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সফরকালে নির্যাতিত নাবালিকার পরিবারের পাশাপাশি ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারেও যেতে পারেন। সেই কারণেই তাঁর জীর্ণ বাসভবনের সংস্কারের কাজ দ্রুত শুরু হয়েছে।

শুক্রবার সকাল থেকেই রাজমিস্ত্রিরা বাড়ির মেরামতির কাজে হাত দেন। একই সঙ্গে পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয় চাল, ডাল, আলু, পোশাক-সহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী। নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এলাকায় নতুন নজরদারি ক্যামেরাও বসানো হয়েছে।

সরকারি সহায়তা পেয়ে ইন্দ্রজিতের মা অনিমা মণ্ডল জানান, প্রশাসন তাঁদের পাশে দাঁড়িয়েছে এবং বাড়ি সংস্কারের উদ্যোগও নেওয়া হয়েছে। তাঁর কথায়, সরকারের প্রতি তাঁদের আস্থা রয়েছে। অন্যদিকে, ইন্দ্রজিতের বাবা অজিত মণ্ডল বলেন, পরিবারের আর কোনও দাবি নেই, তাঁরা শুধু ঘটনার নিরপেক্ষ বিচার চান।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল নির্দোষ ছিলেন। একই সঙ্গে তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে, বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ইতিমধ্যেই চারটি পৃথক মামলা দায়ের করেছে। নাবালিকার উপর নির্যাতন ও হত্যার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, আইনশৃঙ্খলা ভাঙচুর, পুলিশকে বাধা দেওয়া, পথ অবরোধ এবং সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে আরও ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

রেল অবরোধ ও রেল সম্পত্তি নষ্ট করার অভিযোগে বারুইপুর জিআরপি আরও দু’জনকে আটক করেছে। পাশাপাশি, মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যুর ঘটনার তদন্তও এগোচ্ছে। সেই তদন্তের অংশ হিসেবে শুক্রবার বারুইপুর থানায় পৌঁছেছে সিআইডির বিশেষ ফরেনসিক দল, যারা ঘটনাস্থল ও সংশ্লিষ্ট তথ্যপ্রমাণ খতিয়ে দেখছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.