কলকাতা

চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, ডিসেম্বরেই কবি সুভাষ-আইটি সেন্টার রুটে পরিষেবার লক্ষ্য

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। চিংড়িঘাটায় বহুদিন ধরে আটকে থাকা মেট্রো প্রকল্পের গুরুত্বপূর্ণ গার্ডার বসানোর কাজ এখন শেষ পর্যায়ে। প্রায় আড়াই বছর ধরে থমকে থাকা এই কাজ গত আড়াই মাসে দ্রুত গতিতে এগিয়েছে। শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুলে যান চলাচল বন্ধ রেখে ৩২৬ ও ৩২৭ নম্বর পিলারের মধ্যে গার্ডার স্থাপনের কাজ চলছে। এরপর সেটিকে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে সংযুক্ত করা হবে।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কবি সুভাষ থেকে সেক্টর ফাইভের আইটি সেন্টার মেট্রো স্টেশন পর্যন্ত যাত্রী পরিষেবা চালু করা সম্ভব হবে। সেই লক্ষ্য সামনে রেখে রেল বিকাশ নিগম লিমিটেড যুদ্ধকালীন তৎপরতায় নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।

মেট্রো সূত্রে জানা গেছে, গৌরকিশোর ঘোষ স্টেশনের সঙ্গে সংযোগ সম্পূর্ণ হলেই ট্র্যাক বসানো, সিগন্যালিং এবং অন্যান্য প্রযুক্তিগত কাজ শুরু হবে। পুজোর আগেই এই পর্ব শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর গোটা নভেম্বর জুড়ে ট্রায়াল রান চলবে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর থেকেই কবি সুভাষ থেকে আইটি সেন্টার পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা চালু হবে।

বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত প্রায় ৯.৬ কিলোমিটার পথে মেট্রো চলাচল করছে। চিংড়িঘাটার বাকি কাজ সম্পূর্ণ হলে গৌরকিশোর ঘোষ, নলবন এবং আইটি সেন্টার—এই তিনটি নতুন স্টেশনও পরিষেবার আওতায় আসবে। ফলে দক্ষিণ কলকাতা এবং সেক্টর ফাইভমুখী হাজার হাজার নিত্যযাত্রীর যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.