পর্নোগ্রাফিক ও আপত্তিকর কনটেন্ট নিয়ে বিজ্ঞাপন ছড়ানোর অভিযোগে ২৫টি অ্যাপ ও ওয়েবসাইটের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে দেশের সমস্ত ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ আর এই অ্যাপ ও ওয়েবসাইটগুলিতে প্রবেশ করতে না পারে।
সরকারি বিবৃতিতে সেই নিষিদ্ধ অ্যাপ ও ওয়েবসাইটগুলির তালিকা দেওয়া রয়েছে। তারমধ্যে রয়েছে— ALTT, ULLU, Big Shots app, Desiflix, Boomex, Navarasa Lite, Gulab app, Kangan app, Bull app, Jalva app, Wow Entertainment, Look Entertainment, Hitprime, Feneo, ShowX, Sol Talkies, Adda TV, HotX VIP, Hulchul app, MoodX, NeonX VIP, Fugi, Mojflix ও Triflicks। সব মিলিয়ে চিহ্নিত হয়েছে ২৫টি লিঙ্ক। যেগুলির বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেন্দ্র সরকারের স্পষ্ট দাবি, এই অ্যাপ ও ওয়েবসাইটগুলির মাধ্যমে যেই ধরনের কনটেন্ট ও বিজ্ঞাপন প্রচার হচ্ছিল, তা ভারতের তথ্যপ্রযুক্তি আইন ও সামাজিক নৈতিকতার পরিপন্থী।
সরকারের বিবৃতিতে উঠে এসেছে, এই প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ধারা ৬৭ ও ৬৭a অনুযায়ী অশ্লীল ও আপত্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগ রয়েছে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ধারা ২৯৪ ও নারীদের অশালীনভাবে উপস্থাপনের বিরুদ্ধে আইন, ১৯৮৬-এর ধারা ৪-এরও লঙ্ঘন ঘটেছে বলে অভিযোগ।
এছাড়াও তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ধারা ৭৯(৩)(b) অনুযায়ী, সরকারের নির্দেশ পাওয়ার পরও যদি কোনও ইন্টারমিডিয়ারি বেআইনি কনটেন্ট না সরায় বা অ্যাক্সেস বন্ধ না করে, তবে তারা আইনি দায়মুক্তি পাবে না। আইটি রুলস ২০২১-এর রুল ৩(১)(d) ও রুল ৭-এর আওতায়ও কড়া পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে বারংবার বলা হয়েছে, ডিজিটাল মাধ্যমে অশ্লীলতা ও নারীদের অশালীনভাবে উপস্থাপনকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না। দেশের সার্বভৌমত্ব, শালীনতা, নৈতিকতা এবং জনস্বার্থ রক্ষায় এই ধরনের উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে।







