জেলা

রেজিনগরে হাজিরা, শক্তিপুরে ফের তলব হুমায়ুন কবীরকে, বাড়ল আইনি চাপ

বিজেপিকে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য এবং পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবীরকে ঘিরে আইনি চাপ আরও বাড়ল। মঙ্গলবার দ্বিতীয়বারের মতো রেজিনগর থানায় হাজির হয়ে তদন্তকারীদের প্রশ্নের উত্তর দেন তিনি। তবে একই দিনে তাঁর বাড়িতে পৌঁছে শক্তিপুর থানার পুলিশ আরও একটি নোটিস দিয়ে যায়। সেই নোটিস অনুযায়ী, আগামী ১৯ জুলাই তাঁকে শক্তিপুর থানায় হাজির হতে হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেজিনগর থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিলেও শক্তিপুর থানার আগের তলবে তিনি উপস্থিত হননি। সেই কারণেই নতুন করে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তকারীদের দাবি, শক্তিপুর থানার মামলাটি একটি ভাইরাল ফেসবুক ভিডিওকে কেন্দ্র করে। অভিযোগ, গত ৮ মে একটি রাজনৈতিক সভায় দেওয়া বক্তব্যে হুমায়ুন কবীর পুলিশের ভূমিকা নিয়ে আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। পুলিশের মতে, ওই বক্তব্য জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার আশঙ্কা তৈরি করেছে।

অন্যদিকে, রেজিনগর থানার মামলার সূত্রপাত ২৬ জুনের একটি জনসভাকে ঘিরে। অভিযোগ, সেই সভায় বিজেপিকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করা হয়েছিল, যা রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতিতেও প্রভাব ফেলতে পারে। তদন্তকারীদের দাবি, বক্তব্যে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় ও রাজনৈতিক দলকে ঘিরে উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা ছিল।

প্রসঙ্গত, বিধানসভায় ‘গুন্ডা দমন বিল’ নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্যের পর থেকেই এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। এরই মধ্যে সংশ্লিষ্ট সভার আয়োজকদের বিরুদ্ধেও পুলিশ ব্যবস্থা নিয়েছে।

এখন নজর ১৯ জুলাইয়ের দিকে। সেদিন শক্তিপুর থানায় হুমায়ুন কবীর হাজিরা দেন কি না এবং তদন্তে কী নতুন তথ্য উঠে আসে, তা ঘিরেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.