বীরভূমের ইটভাটা থেকে অর্থ লুটের মামলায় আগাম জামিনের আবেদন আগে সিউড়ি জেলা আদালতে খারিজ হয়েছিল অনুব্রত মণ্ডলের। এবার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে উঠতে পারে বলে জানা গিয়েছে। তবে শুনানির নির্দিষ্ট দিন এখনও স্থির হয়নি।
রাজ্যে সরকার পরিবর্তনের পর একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা দায়ের হচ্ছে। সম্প্রতি বীরভূমের একটি ইটভাটা থেকে প্রায় ৩০ লক্ষ টাকা লুটের ঘটনায় অনুব্রত মণ্ডলের নাম উঠে আসে। সম্ভাব্য গ্রেপ্তার এড়াতে তিনি প্রথমে সিউড়ি জেলা জজ আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন গ্রহণ করেনি আদালত। এরপর আইনি সুরক্ষা পাওয়ার আশায় মঙ্গলবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।
একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা সংগঠনের দায়িত্ব প্রায় সম্পূর্ণভাবেই তাঁর ওপরই ন্যস্ত ছিল। নির্বাচনের সময়ও জেলার সাংগঠনিক বিষয় নিয়ে বিশেষ উদ্বেগে থাকতে হতো না দলীয় নেতৃত্বকে। তবে গরুপাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর জেলার রাজনৈতিক সমীকরণ বদলে যায়। জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলেও দলে আগের মতো প্রভাব আর ফিরে পাননি। সরকার বদলের পর তিনি কার্যত রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েন। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’-এ যোগ দেন। বর্তমানে সেই দলের বীরভূম জেলা সভাপতির দায়িত্বও সামলাচ্ছেন অনুব্রত মণ্ডল।







