সকালের শুরুতেই বড় দুর্ঘটনা পশ্চিম বর্ধমানের অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকায়। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর প্রায় ৭০ বছরের পুরনো একটি জলের ট্যাঙ্ক বুধবার সকালে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় আহত হন ইসিএলের দুই কর্মী, সঙ্গীতা দেবী ও প্রভাবতী ভুঁইঞা। তাঁদের দ্রুত উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।
স্থানীয়দের দাবি, বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন সম্পূর্ণ ভেঙে পড়েছে বিশালাকার ট্যাঙ্কটি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইসিএল কর্মী ও বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ট্যাঙ্কটির রক্ষণাবেক্ষণ করা হয়নি। বারবার সমস্যা জানানো হলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি বলেই দাবি তাঁদের।
ইসিএল কর্মী প্রবীর চক্রবর্তী বলেন, “এই ঘটনায় প্রাণহানিও ঘটতে পারত। সৌভাগ্যবশত দু’জন আহত হয়েছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”
শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, শ্যামসুন্দরপুর-সহ কোলিয়ারি এলাকার একাধিক পুরনো কাঠামো দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাঁদের দাবি, অবিলম্বে সমস্ত জরাজীর্ণ নির্মাণের নিরাপত্তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।







