মালদহে দু’বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর বাড়ির কাছেই একটি পুকুর থেকে উদ্ধার হল শিশুটির নিথর দেহ। ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ অঞ্চলের উপরপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। দুর্ঘটনাবশত মৃত্যু নাকি অন্য কোনও কারণ রয়েছে—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
মৃত শিশুর নাম তহাসিন। বয়স মাত্র দু’বছর। পরিবারের দাবি, মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত বাড়িতেই পরিবারের সদস্যদের সঙ্গে খেলছিল সে। হঠাৎই চোখের আড়াল হয়ে যায় তহাসিন। পরিবারের লোকজন আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। প্রতিবেশীরাও তল্লাশিতে যোগ দেন। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও শিশুটির কোনও খোঁজ মেলেনি।
শেষ পর্যন্ত মঙ্গলবার রাতেই মোথাবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেন তহাসিনের পরিবার। অভিযোগ পেয়েই পুলিশ তদন্তে নামে। গঙ্গাপ্রসাদের উপরপাড়া ও সংলগ্ন এলাকায় রাতভর তল্লাশি চালানো হয়। তবে অন্ধকারের কারণে কোনও সূত্র পাওয়া যায়নি।
বুধবার সকালে গ্রামবাসীরা বাড়ি থেকে মাত্র একশো মিটার দূরে একটি পুকুরে একটি শিশুর দেহ ভাসতে দেখতে পান। খবর দেওয়া হয় পরিবারকে ও পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
শিশুটির বাবা আবদুল জাব্বার বলেন, “আমাদের বিশ্বাসই হচ্ছে না। এত কাছের পুকুরে কীভাবে ছেলেটা গেল, বুঝতে পারছি না।” এলাকাবাসীর মধ্যেও প্রশ্ন উঠেছে, নজরদারির অভাব ছিল কি না। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।







