সংসদের আসন্ন বাদল অধিবেশন ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হলেও, আপাতত মহিলা সংরক্ষণ বিল এবং সীমানা পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) সংক্রান্ত বিল পেশের কোনও পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। সরকার যে সাতটি বিল এই অধিবেশনে পেশ করতে চলেছে, তার তালিকায় এই দুই গুরুত্বপূর্ণ বিলের নাম নেই।
বাংলায় রাজনৈতিক সমীকরণ বদলের পর রাজ্যসভায় বিজেপির শক্তি আরও বৃদ্ধি পাওয়ায় অনেকেরই ধারণা ছিল, সরকার হয়তো এই অধিবেশনেই মহিলা সংরক্ষণ ও সীমানা পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ বিষয় সংসদে তুলতে পারে। পাশাপাশি, কয়েকটি আঞ্চলিক দলের অবস্থানও এই ইস্যুতে বদলেছে বলে জল্পনা চলছিল। তবে সরকারি তালিকায় এই দুই বিলের অনুপস্থিতি সেই সম্ভাবনায় আপাতত ইতি টেনেছে।
এছাড়াও, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে পদচ্যুত করার প্রস্তাব সংক্রান্ত ১৩০তম সংবিধান সংশোধনী বিলও এই অধিবেশনে আনা হচ্ছে না। যদিও বিষয়টি নিয়ে সংসদের যৌথ কমিটি শুক্রবার বৈঠকে বসে তাদের চূড়ান্ত রিপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করেছে।
তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, বাদল অধিবেশনে সরকারের হাতে পর্যাপ্ত সময় থাকায় প্রয়োজনে পরবর্তী পর্যায়ে অধ্যক্ষের অনুমতি নিয়ে অতিরিক্ত বিলও পেশ করা হতে পারে। ফলে মহিলা সংরক্ষণ বা সীমানা পুনর্বিন্যাস বিল সম্পূর্ণভাবে বাদ পড়েছে—এমন সিদ্ধান্তে এখনই পৌঁছতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে সরকার যে সাতটি বিল পেশের প্রস্তুতি নিয়েছে, তার মধ্যে রয়েছে বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল, আয়কর সংশোধনী বিল, সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির বিল, জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল, জাতীয় সম্মান রক্ষা সংক্রান্ত সংশোধনী বিল এবং এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল। বিভিন্ন প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কার আনাই এই বিলগুলির মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।







