কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার বাঁতওয়ালে প্রকাশ্য দিবালোকে ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড। বাসের জন্য অপেক্ষা করছিলেন ২১ বছর বয়সি এক তরুণী। সেই সময় আচমকাই কাস্তে হাতে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে এক যুবক। প্রত্যক্ষদর্শীদের সামনেই এলোপাথাড়ি কোপাতে শুরু করে অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত প্রাণ বাঁচানো যায়নি তরুণীর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম লাবণ্য। তিনি উলিগ্রামের বাসিন্দা এবং কালাড়কার একটি বেসরকারি নার্সিং হোমে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ বাঁতওয়ালের বি সি রোড এলাকার কেএসআরটিসি নতুন বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় ছিলেন তিনি। সেই সময় ব্যাগ থেকে কাস্তে বের করে তাঁর উপর হামলা চালায় চেতন নামে এক যুবক।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অস্ত্র দেখে প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন লাবণ্য। কিন্তু অভিযুক্ত তাঁকে ধাওয়া করে একাধিকবার কাস্তে দিয়ে আঘাত করে। হামলার পর ঘটনাস্থলেই অস্ত্র ফেলে পালিয়ে যায় অভিযুক্ত।
রক্তাক্ত অবস্থায় স্থানীয় মানুষ দ্রুত লাবণ্যকে বাঁতওয়ালের ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার সময় উপস্থিত কয়েকজন হামলার ভিডিও মোবাইলে ধারণ করেন, যা পরে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে সেই ভিডিওর সত্যতা সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চেতন বেলথানগাড়ির ওডিলনালা এলাকার বাসিন্দা। তাঁর পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং তাকে ধরতে জোরদার তল্লাশি শুরু হয়েছে। কী কারণে এই হামলা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।







