ক্রাইম

পরিচিত যুবকের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার অভিযুক্ত

ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার অন্তর্গত এলাকায় এক পঞ্চাশোর্ধ্ব মহিলাকে অপহরণ করে নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং পরে প্রমাণ নষ্টের উদ্দেশ্যে তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে এলাকারই এক পরিচিত যুবকের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত ৩৫ বছর বয়সী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে তোলা হলে বিচারক তাঁকে চার দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা পেশায় ভিনরাজ্যে কর্মরত এক রাঁধুনি। তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার তিনি নিজের বাড়িতে ফিরেছিলেন। রবিবার স্থানীয় বাজারে যাওয়ার সময় এলাকার এক পরিচিত যুবক অপর এক ব্যক্তির গাড়িতে এসে তাঁকে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর পানীয়ের সঙ্গে নেশাজাতীয় কিছু মিশিয়ে তাঁকে অচৈতন্য করা হয় এবং রাজ্য সড়কের ধারের একটি জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর উপর শারীরিক নির্যাতন চালিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

আগুনের তাপে নির্যাতিতার জ্ঞান ফিরে এলে তিনি প্রাণ বাঁচাতে চিৎকার করতে করতে সড়কের দিকে ছুটে আসেন। সেই সময় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ররা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের দাবি, তাঁর শরীরের ডান দিকের প্রায় ৩৬ শতাংশ অংশ দগ্ধ হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। দ্রুত অভিযানে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলেও ঘটনায় ব্যবহৃত গাড়ির চালক এখনও অধরা। ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই একজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সোমবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে আদালত চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.