বিনোদন

‘রাউডি রাঠোর ২’ বাতিল, অক্ষয়ের জন্য তৈরি হচ্ছে নতুন পুলিশ-অ্যাকশন ড্রামা

অক্ষয় কুমারের ব্লকবাস্টার হিট ‘রাউডি রাঠোর’-এর সিক্যুয়েল নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। ভক্তরা অপেক্ষায় ছিলেন ছবিটির দ্বিতীয় কিস্তির জন্য। কিন্তু প্রায় তিন বছরের পরিকল্পনা ও আলোচনার পর প্রযোজক শবিনা খান ও সঞ্জয় লীলা বনশালি অবশেষে সেই প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। লেখক ভি. বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে মিলে তাঁরা সিক্যুয়েলের চিত্রনাট্য প্রস্তুত করেছিলেন, কিন্তু অংশীদার সংস্থা ডিজনি ছবিটির অধিকার সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সম্মতি না দেওয়ায় প্রকল্পটি থেমে যায়।

ফলে আপাতত ‘রাউডি রাঠোর ২’ তৈরি হচ্ছে না। তার বদলে নতুনভাবে একটি পুলিশ-অ্যাকশন ড্রামার পরিকল্পনা করা হয়েছে, যার সঙ্গে আগের ছবির কোনো সম্পর্ক থাকছে না। এই ছবির পরিচালক থাকবেন দক্ষিণী চলচ্চিত্র নির্মাতা মিত্র। ২০২৬ সালের গোড়াতেই শুটিং শুরু হওয়ার কথা। একসময় সিক্যুয়েলের সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার নাম জড়িয়েছিল, তবে নতুন ছবিতে তিনি থাকছেন কি না, তা এখনও নিশ্চিত হয়নি। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাউডি রাঠোর’ অক্ষয় কুমারের ক্যারিয়ারে মাইলফলক হয়ে দাঁড়িয়েছিল। প্রভু দেবার পরিচালনায় অক্ষয়ের দ্বৈত চরিত্র, সোনাক্ষী সিনহার প্রাণবন্ত অভিনয় ও রঙিন গান-নাচ মিলিয়ে ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ছবিটি মূলত তেলুগু সুপারহিট ‘বিক্রমার্কুডু’-র রিমেক হলেও বলিউডি মশলায় তা দর্শকের কাছে অন্য মাত্রা পেয়েছিল।

অক্ষয়কে নতুন করে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা করেছিল ‘রাউডি রাঠোর’। বর্তমানে তিনি একের পর এক বড়ো বাজেটের ছবিতে ব্যস্ত। ‘বড় মিয়া ছোটে মিয়া’, ‘সিংহম এগেইন’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ‘স্কাই ফোর্স’ ইতিমধ্যেই আলোচনায় এসেছে। তাঁর আসন্ন ছবি ‘জলি এলএলবি ৩’ নিয়েও আইনি জটিলতা তৈরি হয়েছে। যদিও বহুল প্রতীক্ষিত ‘রাউডি রাঠোর ২’ শেষ পর্যন্ত পর্দায় আসছে না, তবুও অক্ষয়ের ভক্তরা আশাবাদী যে তিনি নতুন চরিত্র ও শক্তিশালী গল্প দিয়ে তাঁদের আগামিদিনে আবারও মুগ্ধ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.